


নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুধুমাত্র দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ নয়। এর সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলার মতো বিষয় জড়িত। যার জন্য পশ্চিমি দুনিয়াকেও ভবিষ্যতে ভুগতে হবে। এক সাক্ষাত্কারে এমনই দাবি করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউরোপের একটি সংবাদমাধ্যমে দেওয়া ওই সাক্ষাত্কারে জয়শঙ্কর বলেন, ‘আপনাদের ওসামা বিন লাদেন বলে একজনের নাম মনে করিয়ে দিতে চাই। কেন লাদেন কেন বছরের পর বছর পাকিস্তানের শহরে নিরাপদ বোধ করেছিল?’ অপারেশন সিন্দুরের পর প্রথম ইউরোপ সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সভানেত্রী উরসুলা ভন ডের লিয়েন ও ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে সওয়াল করেন জয়শঙ্কর। তিনি জানান, ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত চীনের থেকেও দক্ষ শ্রমিক সরবরাহে সক্ষম। রাশিয়া-ইউক্রেন সংঘাতে ভারত যে নিরপেক্ষ ভূমিকাই পালন করে চলবে, সেই কথাও ফের জানিয়ে দিয়েছেন তিনি। রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ‘ইউক্রেনের সঙ্গেও ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো। সব দেশের সঙ্গেই ভারত সুসম্পর্ক বজায় রাখতে চায়।’