মুম্বই: দীর্ঘদিনের সহকর্মী । একই সঙ্গে বিমানে পাড়ি দিয়েছেন হাজার হাজার কিলোমিটার পথ। এক বিমানে কর্তব্যরত না থাকলেও প্রতিবার টেক অফের আগে ও ল্যান্ডিং-এর পর ফোনে কথা হত দুজনের। দু’দশকের সেই প্রথা ভেঙেছিল বৃহস্পতিবার। লন্ডনগামী বিমানের কেবিন ক্রু শ্রদ্ধা ধবনের সঙ্গে কথা হয়নি তাঁর কাছের বন্ধুর। তারপর ভয়াবহ বিমান দুর্ঘটনায় শ্রদ্ধার মৃত্যুর খবরে শোকস্তব্ধ তাঁর বন্ধু। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কেবিন ক্রু জানিয়েছেন, ‘২১ বছর ধরে আমরা একসঙ্গে এয়ার ইন্ডিয়ায় কাজ করছি। লন্ডনগামী ড্রিমলাইনারে কেবিন ক্রুর দায়িত্বে ছিল শ্রদ্ধা। যখন গুজরাত বিমানবন্দর থেকে টেক অফ করে, তখন ভেবেছিলাম লন্ডনে অবতরণের পর ওর সঙ্গে কথা বলব। কিন্তু সেই কথা আর হল না।’ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কান্নায় গলা বুজে এসেছিল এয়ার ইন্ডিয়ার এই কেবিন ক্রুর। বন্ধুর সঙ্গে শেষ বার কথা বলতে না পারার আক্ষেপটা যে রয়েই গেল।



