Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘মোহন বাগানের সাফল্য ধরে রাখাই লক্ষ্য’, মন্তব্য কোচ লোবেরার

২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মোহন বাগানের চিফ কোচ হিসেবে দায়িত্ব নেন সের্গিও লোবেরা। গত এক মাস দলকে নিয়ে প্রস্তুতিতে মগ্ন স্প্যানিশ কোচ।

‘মোহন বাগানের সাফল্য ধরে রাখাই লক্ষ্য’, মন্তব্য কোচ লোবেরার
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মোহন বাগানের চিফ কোচ হিসেবে দায়িত্ব নেন সের্গিও লোবেরা। গত এক মাস দলকে নিয়ে প্রস্তুতিতে মগ্ন স্প্যানিশ কোচ। এই পর্বে তাঁর দল নির্বাচন নিয়ে গুঞ্জন ছড়ালেও, সংবাদমাধ্যমকে কার্যত এড়িয়ে গিয়েছেন তিনি। তবে বড়দিনের ছুটিতে শহর ছাড়ার আগে ক্লাবের ওয়েবসাইটে অবশেষে মুখ খুললেন লোবেরা। রবিবার ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে লোবেরা সাফ জানান, ‘ভারতের সেরা দল মোহন বাগান। তাই এই ক্লাবের দায়িত্ব নিতে পেরে গর্বিত। মোহন বাগানের ঐতিহ্য সকলেরই জানা। সেই ধারা বজায় রেখে আরও সাফল্য এনে দেওয়াই একমাত্র লক্ষ্য।’

Advertisement

অতীতে একাধিকবার যুবভারতীর ডাগ-আউটে হাজির ছিলেন লোবেরা। তবে মোহন বাগানের প্রতিপক্ষ কোচ হিসেবে। আর প্রতিবারই উপলব্ধি করেছেন, মোহন বাগানের বিরুদ্ধে খেলাটা সত্যিই কঠিন। এবার সবুজ-মেরুন কোচ হিসেবে প্রতিপক্ষ দলকে সেই অভিজ্ঞতা দিতে চান তিনি। তাঁর মন্তব্য, ‘মোহন বাগানের বিরুদ্ধে খেলতে নামার আগে সকলেই ভাবে এই ম্যাচ জেতা কার্যত অসম্ভব। আমিও সেটা উপলদ্ধি করেছি। তার অন্যতম কারণ গ্যালারির উন্মাদনা। এবার লক্ষ্য আরও ট্রফি জিতে তাদের মুখে হাসি ফোটানো। সেই সঙ্গে ভালো ফুটবলও খেলতে হবে। যাতে লোকে আমায় মনে রাখতে পারে।’
লোবেরা দায়িত্ব নেওয়ার পরই দলের বেশ কিছু ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। মেসিভক্ত এই স্প্যানিশ কোচ জানান, ‘আমি কখনও কোনও ফুটবলার বদলের কথা বলি না। যারা রয়েছে, তাদেরকে নিয়েই চলতে চাই। সকলেই দলের জন্য গুরুত্বপূর্ণ।’ একইসঙ্গে ভারতীয় ফুটবলে চলা অচলাবস্থা প্রসঙ্গে তাঁর বিশ্লেষণ, ‘খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছি। তবে নিশ্চিত, সমাধানের রাস্তা খুঁজে বার করবে।’

সম্পর্কিত সংবাদ