


নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং ও কলকাতা: বিপর্যয় পরবর্তীকালে পুনর্গঠনের জন্য ত্রাণ তহবিল গড়েছে রাজ্য সরকার। সেই তহবিলে নিজের বই বিক্রির রয়্যালটির ৫ লক্ষ টাকা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি দার্জিলিংয়ে একথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি বই বিক্রির রয়্যালটির ৫ লক্ষ টাকা ত্রাণ তহবিলে দিচ্ছি। ওইসঙ্গে রাজ্যের মন্ত্রীরা সংশ্লিষ্ট তহবিলে ১ লক্ষ টাকা করে দেবেন। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে পাশে নিয়ে বিধায়কদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও এক লক্ষ টাকা দান করবেন। ইতিমধ্যে এই তহবিলের একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং কিউআর কোড প্রচার করা হচ্ছে। যে কেউ সেখানে অর্থ দান করতে পারবেন।
অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়াল বিনোদন জগৎও। ফেডারেশনের অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার আহ্বানে চ্যানেল এবং প্রযোজকদের সহযোগিতায় ত্রাণ সংগ্রহ করা হয়েছে। বুধবার ফেডারেশনের উদ্যোগে প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষদের নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকেই ফেডারেশনের পক্ষ থেকে ছিলেন সভাপতি স্বরূপ বিশ্বাস। টালিগঞ্জে কর্মরত সকল টেকনিশিয়ানরা নিজেদের পারিশ্রমিক অনুযায়ী ৫০০, ১০০০, ২০০০ টাকা করে দান করেছেন। প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সম্মিলিত সাহায্যের পরিমাণ ২৮ লক্ষ টাকা। এছাড়া ইমপার তরফ থেকে ৫ লক্ষ ১১ হাজার টাকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে মোট ৩৩ লক্ষ ১১ হাজার টাকা মুখ্যমন্ত্রীর তহবিলের দান করা হয়েছে। স্বরূপবাবু বলেন, ‘ফেডারেশন সবসময় এই ধরনের মানবিক উদ্যোগ নেয়। উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থা দেখে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারিনি।’