Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লম্বা লেজবিশিষ্ট পারসিক টিকটিকির শতাব্দীপ্রাচীন রহস্যভেদ

টিকটিকির লেজ নিয়ে হঠাৎই হইচই বিজ্ঞানী মহলে। নির্দিষ্ট করে বললে, লম্বা লেজের এক বিশেষ টিকটিকি নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচন করেছেন জীববিজ্ঞানীরা।

লম্বা লেজবিশিষ্ট পারসিক টিকটিকির শতাব্দীপ্রাচীন রহস্যভেদ
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টিকটিকির লেজ নিয়ে হঠাৎই হইচই বিজ্ঞানী মহলে। নির্দিষ্ট করে বললে, লম্বা লেজের এক বিশেষ টিকটিকি নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচন করেছেন জীববিজ্ঞানীরা। তবে, এটি যে সে টিকটিকি নয়, এ হল মরুভূমির লং টেল পার্সিয়ান লিজার্ড (মেসালিনা ওয়াটসোনানা)। ১৮৭২ সালে বিজ্ঞানী ফার্দিনান্দ স্টোলিচকা প্রথম এই প্রজাতির টিকটিকিকে চিহ্নিত করে এর বর্ণনা দিয়েছিলেন। তবে, দীর্ঘদিন ধরেই ধন্দ ছিল যে, ঠিক কোনগুলি এই পারসিক টিকটিকি। সেই শতাব্দী প্রাচীন বিতর্কেরই নিরসন করেছেন কলকাতার জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা।

Advertisement

বিজ্ঞানী স্টোলিচকার ব্যক্তিগত সংগ্রহে থাকা বিভিন্ন টিকটিকির নমুনা ছড়িয়ে রয়েছে লন্ডন, ভিয়েনা এবং কলকাতার বিভিন্ন জাদুঘরে। সেগুলির মধ্যে থেকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বাসিন্দা পার্সিয়ান লিজার্ড কোনটি, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ধন্দ ছিল। কলকাতার জেডএসআইতেও সংরক্ষিত ছিল এমন কিছু টিকটিকি। দুই বিজ্ঞানী সুমিধ রায়, প্রত্যুষ পি মহাপাত্র তার মধ্যে থেকে একটি নির্দিষ্ট টিকটিকিকে স্টোলিচকা বর্ণিত সেই পার্সিয়ান লং টেইল লিজার্ড হিসেবে বেছে নিয়েছেন। সেটির ক্যাটালগ নম্বর হল জেডএসআই-আর-৫০৫০। জেডএসআইয়ের অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, এই অঞ্চলের সরীসৃপ এবং টিকটিকিকে চিনতে, বুঝতে স্টোলিচকার কাজ খুবই গুরুত্বপূর্ণ। তাঁর সংগৃহীত অধিকাংশ নমুনাই জেডএসআইয়ে রয়েছে। এই চিহ্নিতকরণের ফলে সরীসৃপ এবং টিকটিকি নিয়ে গবেষণা আরও ব্যাপ্তি পাবে। প্রসঙ্গত, বিজ্ঞানীদের এই কাজ জুট্যাক্সা জার্নালে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ