Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশুকেও মার কেন্দ্রীয় বাহিনীর

ভোট শান্তিপূর্ণ হলেও নির্বাচন কমিশন নিযুক্ত আধা সামরিক বাহিনীর একাংশের মুখে কদর্য ভাষা এবং অমানবিক আচরণ নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল।

শিশুকেও মার কেন্দ্রীয় বাহিনীর
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: ভোট শান্তিপূর্ণ হলেও নির্বাচন কমিশন নিযুক্ত আধা সামরিক বাহিনীর একাংশের মুখে কদর্য ভাষা এবং অমানবিক আচরণ নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল। বিশেষ করে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রজুড়ে জওয়ানদের টিম বিভিন্ন জায়গাতে তৃণমূল কর্মীদের উপর জঘন্য অত্যাচার করেছে। ক্যাম্প অফিস ভেঙে দিয়েছে। অভিযোগ, জওয়ানদের লাঠির আঘাতে সাতগাছিয়ার ১১৬ নম্বর বুথের এক শিশুও রক্তাক্ত হয়েছে। তার মুখ ফেটে গিয়েছে। এ নিয়ে বুধবার ব্যাপক অসন্তোষ তৈরি হয়। জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখান আহত শিশুর পরিবার ও পরিজন।

Advertisement

সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমশ্রী বেতাল ওই ঘটনার নিন্দা করেছেন। তিনি অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন।
সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা স্বপন হাতি বলেন, বিভিন্ন জায়গায় নিয়ম মেনে আমাদের যত ক্যাম্প অফিস হয়েছিল, বিজেপি যড়যন্ত্র করে তার তালিকা কুইক রেসপন্স টিমের কাছে পাঠিয়ে মিথ্যা অভিযোগ করে। তার ভিত্তিতেই কুইক রেসপন্স টিম আট থেকে ন’টির বেশি ক্যাম্প অফিস ভেঙে দেয়। মারধর করে। লাঠির আঘাতে সব মিলিয়ে ২৫ জনের বেশি আহত হয়েছেন। এ নিয়ে থানায় অভিযোগও করা হয়েছে।
সোমশ্রী বেতাল বলেন, অমানবিক আচরণ করেছেন জওয়ানরা। ১১৬ নম্বর বুথে ভোট দিতে এসেছিলেন এক মহিলা। তাঁর সঙ্গে শিশু ছিল। ওই সময় কোনও কারণ ছাড়াই লাঠি চালানো হয়। তাতে ওই শিশুও আঘাত পেয়েছে। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, আমার এখানেও কিছু জওয়ানের ব্যবহার খারাপ ছিল। কদর্য মুখের ভাষা। এনিয়ে প্রতিবাদ করেছি। বিশেষ করে বিএলও-র ভোটার স্লিপ ছাড়া ভোট কেন্দ্রের ভিতর যেতে দেবে না বলে জোর করেছে। আমিও প্রতিবাদ করি। কমিশনে নালিশ করেছি। শেষে আমার কথা মেনে নিলে বিকেলে বিএলও র স্লিপ ছাড়াই ভোট দিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ