Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

কর কাঠামো অপরিবর্তিত, ১লা এপ্রিল থেকে লাগু নতুন আয়কর আইন

আজ, রবিবার সকালে সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন আয়করের বিষয়ে একাধিক ঘোষণা করেন তিনি।

কর কাঠামো অপরিবর্তিত, ১লা এপ্রিল থেকে লাগু নতুন আয়কর আইন
  • ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি: আজ, রবিবার সকালে সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন আয়করের বিষয়ে একাধিক ঘোষণা করেন তিনি। বলেন, আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে লাগু হবে নতুন আয়কর আইন। পাশাপাশি আইটি রিটার্নের সময়সীমা বাড়ানোর কথাও আজ ঘোষণা করেন অর্থমন্ত্রী। এবার ৩১ জুলাই পর্যন্ত আয়কর জমা দেওয়া যাবে। নতুন নিয়মে সামান্য টাকা জমা দিয়ে আয়কর রিটার্ন সংশোধনের সুযোগও মিলবে। কর ফাঁকি রুখতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এবার থেকে আয়করে ফাঁকিতে আর জেলযাত্রা নয় বরং অতিরিক্ত ১০ শতাংশ জরিমানার প্রস্তাব করা হয়েছে। এই জরিমানার অঙ্ক দিয়ে দিলেই মিলবে নিষ্কৃতি।

Advertisement

তবে আয়কর কাঠামোয় এবারের বাজেটে কোনও রকম বদলের কথা ঘোষণা করেননি নির্মলা। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, গত বছরই আয়কর কাঠামোয় বেশ কয়েকটি ফেরবদল করা হয়েছিল। মনে করা হচ্ছে সেজন্যই এই বছর কর কাঠামো অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অন্যদিকে, নন অডিট ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ট্রাস্টগুলির ক্ষেত্রে আগামী ৩১ আগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। মোটের উপর চলতি বছরের বাজেটে কর কাঠামো আরও সরলীকরণ করার পথেই হেঁটেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া অনাবাসী ভারতীয়দের থেকে কোনও স্থাবর সম্পত্তি কিনলে এবার ক্রেতাকে টিডিএস দিতে হবে। এতদিন পর্যন্ত এটি বিক্রেতাদের থেকেই আদায় করা হত। পাশাপাশি গাড়ি দুর্ঘটনায় ক্লেম বা ক্ষতিপূরণ পেতে এতদিন নির্দিষ্ট হারে কর দিতে হত। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ক্লেম বা ক্ষতিপূরণ পেতে এবার থেকে কোনওরকম কর দিতে হবে না।  

Advertisement
সম্পর্কিত সংবাদ