নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও চুঁচুড়া: আজ মহালয়া। তর্পণ উপলক্ষ্যে আজ সকাল থেকে গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। গঙ্গার মোট ৩৮টি ঘাটে তর্পণের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে নিমতলা, গোয়ালিয়র, বাজে কদমতলা ঘাটের মতো জনপ্রিয় ঘাটগুলিতে সবচেয়ে বেশি মানুষের ভিড় হয়। তাই এই জনপ্রিয় ঘাটগুলিতে বাড়তি সুরক্ষা ব্যবস্থা থাকছে। তর্পণ চলাকালে দুর্ঘটনা রুখতে প্রতিটি ঘাটে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের দু’জন করে ডুবরি থাকবেন। এছাড়াও কলকাতা রিভার ট্রাফিক পুলিশ ৪টি লঞ্চ এবং দুটি স্পিড বোটে চড়ে তর্পণ চলাকালে গঙ্গায় নজরদারি চালাবেন।
সকাল ৯টা বেজে ৪৪ মিনিটে গঙ্গায় জোয়ার আসার কথা। ওই সময়ে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। জোয়ারের সময় দুর্ঘটনা ঠেকাতে পুলিশকে হ্যান্ড মাইকের সাহায্যে তর্পণ করতে আসা মানুষদের সচেতন করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তর্পণ উপলক্ষ্যে গঙ্গামুখী জনতার ভিড় সামাল দিতে রবিবার ভোর ৩টে থেকে রাত দশটা পর্যন্ত কলকাতা শহরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া মালবাহী যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে লালবাজার।
মহালয়ার তর্পনের জন্য হুগলির গুপ্তিপাড়া থেকে কোন্নগর, চুঁচুড়া থেকে শ্রীরামপুর সর্বত্র গঙ্গার ঘাট পরিষ্কার করা হয়েছে। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গুপ্তিপাড়া ঘাট। গুপ্তিপাড়া পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ বলেন, সুরক্ষার জন্য ঘাটের নির্দিষ্ট এলাকা শিকল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা টিম সহ নিরাপত্তা পর্যাপ্ত ব্যবস্থা থাকছে। তর্পন উপলক্ষে ব্যাপক ভিড় হয় বাঁশবেড়িয়ার ত্রিবেণী ঘাটে। এখানেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে বাঁশবেড়িয়া পুরসভা। পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, তর্পনের জন্য যাবতীয় আয়োজন সারা হয়েছে।