নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মামলায় নতুন করে আর কোনও সুরাহা মিলবে না। সে আবেদনকারী বিশেষভাবে সক্ষমই হোন কিংবা অন্য কেউ। বৃহস্পতিবার এবিষয়ে অবস্থান স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কয়েকটি মামলার শুনানি ছিল। এর মধ্যে মূল আবেদনটি ছিল, বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন নিয়োগ পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানোর। পাশাপাশি বয়সের ছাড়ও। কিন্তু এদিন পর্যবেক্ষণে বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্ট ভাষায় বলেন, ‘বিশেষভাবে সক্ষম হলেও আর নতুন করে নিয়োগ পরীক্ষা তারিখ বাড়ানোর নির্দেশ দিতে পারি না। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার আবেদনের সময় ছিল। ফলে তার মধ্যে যারা আবেদন করেছেন, তারা পরীক্ষায় বসবেন। এক-দু’জনের জন্য মোটেই নতুন নিয়ম হতে পারে না। তাছাড়া যোগ্য শিক্ষকদের জন্য পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়স এবং যোগ্যতামানে ছাড় দেওয়া হয়েছে। ফলে আর বাড়তি কারও জন্য কিছু নয়।’ এরপরেই আবেদনটি সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।



