নয়াদিল্লি: সেনাবাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য মামলায় সোমবার সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়লেন রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের উপর তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি কংগ্রেস নেতার সমালোচনা করতেও পিছপা হয়নি বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এ জি মাসিহার বেঞ্চ। ২০২২ সালের ১৬ ডিসেম্বর ‘ভারত জোড়ো যাত্রা’য় বেরিয়ে রাহুল প্রকাশ্য জনসভায় বলেন, ‘লাল ফৌজ প্রতিদিন ভারতীয় সেনাকে মারধর করছে।’ এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ভারতের ২০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চীন।’ এসংক্রান্ত মামলার শুনানিতে বেঞ্চের প্রশ্ন, ‘ভারতীয় ভূখণ্ডের ২০০০ বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করে রেখেছে, এমন তথ্য আপনি কোথায় পেলেন? আপনি কি সেখানে ছিলেন? আপনার কাছে কি কোনও বিশ্বাসযোগ্য নথি রয়েছে? যদি তা না থাকে, তবে প্রকৃত ভারতীয় হিসেবে আপনি এমন মন্তব্য করবেন না।’ সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্য করার জন্যও রাহুলকে দুষেছে আদালত। বিচারপতিদ্বয় বলেছেন, ‘আপনি লোকসভার বিরোধী দলনেতা। সংসদে আপনি কেন কিছু বলেন না? আপনাকে কেন সোশ্যাল মিডিয়ায় সব কথা বলতে হয়?’



