Bartaman Logo
১৬ জুন, ২০২৬

এবার দিব্যাঙ্গদের নিয়ে রসিকতা, কমেডিয়ান সময় রায়নাকে ক্ষমা চাইতে বলল সুপ্রিম কোর্ট

‘বাণিজ্যিক অনুষ্ঠানে কোনও গোষ্ঠী বা সম্প্রদায়কে নিয়ে রসিকতা করা যায় না। বাক স্বাধীনতার অধিকার থাকা উচিত, তবে বাণিজ্যিকভাবে প্রয়োগের জন্য নয়।’

এবার দিব্যাঙ্গদের নিয়ে রসিকতা, কমেডিয়ান সময় রায়নাকে ক্ষমা চাইতে বলল সুপ্রিম কোর্ট
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘বাণিজ্যিক অনুষ্ঠানে কোনও গোষ্ঠী বা সম্প্রদায়কে নিয়ে রসিকতা করা যায় না। বাক স্বাধীনতার অধিকার থাকা উচিত, তবে বাণিজ্যিকভাবে প্রয়োগের জন্য নয়।’ একটি অনুষ্ঠানে রসিকতার নামে দিব্যাঙ্গদের অপমান করার অভিযোগ উঠেছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা কমেডিয়ান সময় রায়নার বিরুদ্ধে। সোমবার তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ক্ষমাপ্রার্থনা করতে বলা হয়েছে কমেডিয়ান বিপুল গোয়েল, বলরাজ পরমজিৎ ঘাই, সোনালি ঠক্কর এবং নিশান্ত জগদীশ তাওয়ারকেও। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন সাফ জানিয়েছে, শুধু আদালতের কাছে নয়, সোশ্যাল মিডিয়ার চ্যানেলেও ক্ষমা চাইতে হবে রায়নাদের। কমেডিয়ানদের বিরুদ্ধে মামলাটি করেছিল কিওর এসএমএ ফাউন্ডেশন অব ইন্ডিয়া। স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি রোগে আক্রান্তদের নিয়ে কাজ করে সংস্থাটি। একটি অনুষ্ঠানে এই রোগ নিয়ে রসিকতা করার অভিযোগ ওঠে রায়না সহ বাকিদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি। এদিন রায়নাদের আইনজীবী বলেন, তাঁর মক্কেলরা নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। আদালতের নির্দেশ মেনে তাঁরা আজ হাজিরও হয়েছেন। জবাবে অভিযুক্তদের আইনজীবীকে বিচারপতি সূর্য কান্ত বলেন, এটা আজ দিব্যাঙ্গদের সঙ্গে হয়েছে, কাল প্রবীণ ও শিশুদের সঙ্গেও হতে পারে। এর শেষ কোথায়? বাক স্বাধীনতার অধিকার ও কাজের মধ্যে ভারসাম্য থাকা উচিত। কমেডিয়ান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য গাইডলাইন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি বলেন, এব্যাপারে কেন্দ্রের কিছুটা সময় প্রয়োজন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ