নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেশি গরম পড়ে যাওয়ার জন্য এবারও রাজ্যের স্কুলগুলিতে আগেভাগে গরমের ছুটি শুরু হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে আগামী ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়বে। বেশি গরমে ছাত্রদের যাতে অসুবিধা না-হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গরমের ছুটি শুরু হতো। কিন্তু এখনই বেশি গরম পড়ে যাওয়ার জন্য ছুটি এগিয়ে আনতে হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুলের ছুটির বিষয়টি তাঁকে জানিয়েছেন।
৩০ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হলেও তার আগেও অনেকগুলি ছুটি রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী , ১৪-১৫ এপ্রিল পয়লা বৈশাখসহ রবিবারের ছুটি রয়েছে। সব মিলিয়ে ৩০ এপ্রিলের আগেই স্কুলে ১০-১২ দিন ছুটি থাকবে। ছুটির পর স্কুলগুলি কবে থেকে খুলবে সেটা মুখ্যমন্ত্রী এদিন বলেননি। বেসরকারি স্কুলগুলিতে সরকারের এই ছুটির নির্দেশ কার্যকর হওয়ার বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে আগেও দেখা গিয়েছে, অনেক বেসরকারি স্কুল ছুটির ব্যাপারে সরকারি নির্দেশিকা কার্যকর করে। গত বছর সরকারি স্কুলগুলিতে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত নির্ধারিত ছুটি ছিল। কিন্তু গত বছর মুখ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকে ছুটি পড়ার ঘোষণা করেন। তখন ছুটির মেয়াদ শেষ হয়েছিল ২ জুন।