মুম্বই: বৃদ্ধ বাবার দেখাশোনা করতে কাজ থেকে অবসর নিয়ে পাকাপাকিভাবে বাড়িতে ফিরবেন বলেছিলেন। মঙ্গলবার সকালে পোয়াইয়ের জলবায়ু বিহারের বাড়িতে ফিরলেন তিনি। তবে সশরীরে নয়, অভিশপ্ত এআই ১৭১ বিমানের পাইলট সুমিত সাভারওয়ালে ফিরলেন কফিনবন্দি হয়ে। বাড়ির উঠোনের মাঝখানে তাঁর কফিন ঘিরে আত্মীয় পরিজন-পড়শি-বন্ধুদের ভিড়। এরইমধ্যে ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে আসেন এক অশীতিপর বৃদ্ধ। একজন তাঁকে ধরে নিয়ে গেলেন কফিনের সামনে। অনেক কষ্টে কান্না চেপে হাতজোড় করলেন তিনি। তারপর আর নিজেকে চেপে রাখতে পারলেন না পুষ্করাজ সাভারওয়াল। ছেলের কফিনের উপর কান্নায় ভেঙে পড়লেন তিনি। একই ধরনের মর্মস্পর্শী ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের জয়পুরও। সেখানে উত্তরাখণ্ডের কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পাইলট লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) রাজবীর সিংকে চিরবিদায় জানালেন তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল দীপিকা চৌহান। সেনার উর্দি পরেই স্বামীকে চোখের জলে শেষবিদায় জানালেন দীপিকা।



