Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বোয়িং ৭৪৭-এর বদলে সুখোই-৩০, এবার নতুন চাকা ইসকন কলকাতার রথে

জগন্নাথ দেবের ‘নন্দীঘোষ’ রথে যুদ্ধবিমানের চাকা। যে চাকা রানওয়েতে ২৮০ কিমি গতিবেগে ছোটে, সে চাকা এবার রথচক্র হয়ে গড়াবে কলকাতার রাজপথে।

বোয়িং ৭৪৭-এর বদলে সুখোই-৩০, এবার নতুন চাকা ইসকন কলকাতার রথে
  • ২ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জগন্নাথ দেবের ‘নন্দীঘোষ’ রথে যুদ্ধবিমানের চাকা। যে চাকা রানওয়েতে ২৮০ কিমি গতিবেগে ছোটে, সে চাকা এবার রথচক্র হয়ে গড়াবে কলকাতার রাজপথে। প্রায় পাঁচ দশক পর কলকাতায় রথের চাকা বদল করল ইসকন। বোয়িং ৭৪৭ বিমানের পরিবর্তে লাগল চতুর্থ প্রজন্মের ফাইটার জেট সুখোই ৩০-এর টায়ার।

Advertisement

বিভিন্ন ধরনের টায়ার পরীক্ষার পর সুখোই ৩০ যুদ্ধবিমানের চাকা লাগানো হয়েছে রথে। তারপর ২৪ কিলোমিটার ট্রায়াল রান হয়েছে। দৌড় শেষে উচ্ছ্বসিত কলকাতা ইসকন কর্তৃপক্ষ। প্রায় অর্ধশতাব্দীকাল জাম্বো জেট এয়ারক্রাফটের টায়ার ব্যবহার হচ্ছিল রথে। সময়ের সঙ্গে তা বদলের প্রয়োজনীয়তা দেখা দেয়। নতুন চাকার জন্য খোঁজখবর শুরু করে ইসকন। তারপর সুখোইয়ের চাকা পছন্দ হয়। যে চাকা রথে বসেছে তা প্রায় চার ফুট ব্যাসের (ডায়ামিটার)। ওজন ১১০ কেজি। ইসকন সূত্রে জানা গিয়েছে, বোয়িংয়ের টায়ার ডানলপ কারখানায় তৈরি হতো। সুখোইয়ের চাকা বানায় এমআরএফ। কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস বলেন, ‘আমরা এমআরএফ’কে সুখোইয়ের চাকার কথা বলি। ওরা শুনে খানিক অবাক হয়। তারপর সংস্থার কয়েকজন আধিকারিককে কলকাতায় পাঠান। তাঁরা জগন্নাথের রথ পরীক্ষা করে দেখেন। বোয়িংয়ের টায়ার গত ৪৮ বছর ধরে ব্যবহার হচ্ছে দেখে আশ্বস্ত হন। আমরাও জানাই, সুখোইয়ের টায়ার বোয়িংয়ের সঙ্গে অনেকটা ম্যাচ করছে বলে মনে হচ্ছে।’ রাধারমণবাবু জানান, এরপর চাকা বদলের কাজ শুরু হয়। নতুন চাকা বসার পর রথ আরও দীর্ঘস্থায়ী হবে। রথ টানতে আরও সুবিধা হবে ভক্তদের।
বর্তমানে টায়ার বদলের কাজ চলছে। জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। রাধারমণ দাস জানান, এছাড়াও কিছু ছোটখাটো যান্ত্রিক অদলবদলের কাজ হচ্ছে রথে। চাকা ঠিকমতো বসাতে (ফিট করতে) কিছু অদলবদল হচ্ছে কাঠ ও লোহা দিয়ে তৈরি রথটিতে। কিন্তু চিরাচরিত কাঠামো থাকছে অবিকৃত।
জানা গিয়েছে, প্রায় ৪৬ বছর পর ২০২৪ সালে বলরামের রথের চাকাও বদল করা হয়। ২০২৩ সালে একটি চাকা বদল করা হয়েছিল। বলরামের রথের এক একটি চাকা ছ’ফুট ডায়ামিটারের এবং আড়াইশো কেজি ওজনের। প্রায় পাঁচ টনের রথ টেনে নিয়ে চলে চাকাগুলি। ১৯৭৭ সাল থেকে এভাবেই চলছে। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, জগন্নাথ দেবের রথে সুখোইয়ের নতুন চাকা লাগানোর পাশাপাশি বলরাম এবং সুভদ্রার রথের পরিকাঠামোও খতিয়ে দেখা হচ্ছে। সব হয়ে যাওয়ার পর তিনটির ট্রায়াল রান হবে। ২৭ জুন রথযাত্রা। সেদিন মসৃণভাবে পথে গড়াবে রথের চাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ