নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলু চাষিদের আর্থিক উন্নতির জন্য রাজ্য সরকার কী ধরনের পদক্ষেপ করেছে, তার পরিসংখ্যান হাজির করেছে কৃষি বিপণন দপ্তর। ওইসঙ্গে তাদের অভিযোগ, কয়েকজন হিমঘর মালিক এবং এক শ্রেণির আলু ব্যবসায়ী সমিতি মিথ্যা প্রচার চালাচ্ছে। দপ্তরের বক্তব্য, এবছর বাংলার পাশাপাশি পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যেও রেকর্ড পরিমাণ আলুর ফলন হয়েছে। ইউপি ও পাঞ্জাবে কৃষকরা প্রতি কুইন্টাল আলুর দাম পেয়েছে যথাক্রমে ৯০০-১১০০ টাকা এবং ৬০০-৯০০ টাকা। এখানে তা ৯৫০-১১৪০ টাকা। আলুচাষিদের প্রাপ্তি বাড়াতে হিমঘরের গেটে প্রতি কেজি জ্যোতি আলুর সংগ্রহ মূল্য ৯ টাকা ধার্য করেছে রাজ্য। দপ্তর আরও জানিয়েছে, এবছর রাজ্যের ৫১৯টি হিমঘরে ৭০ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন আলু সংরক্ষিত হয়। পরিমাণটি গতবছরের চেয়ে ১২ লক্ষ মেট্রিক টন বেশি।



