নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দেমাতরম’ রচনার সার্ধশতবর্ষপূর্তির গৌরব সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিষয়টি রাজ্যে উৎসবের মধ্যে দিয়েই পালন করা হবে।

এদিন বৈঠকের পর একথা জানিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারপার্সন হবেন রাজ্য মহিলা কমিশনের প্রধান লীনা গঙ্গোপাধ্যায়। ভাইস চেয়ারম্যান ও মুখ্য উপদেষ্টা হবেন যথাক্রমে প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যেপাধ্যায় ও সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। এঁদের মধ্যে আছেন কথাসাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার ও শ্রীজাত বন্দ্যেপাধ্যয়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, অভিনেতা দীপক অধিকারী (দেব), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষ সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। কমিটিতে থাকছেন বারাকপুরের এমপি পার্থ ভৌমিক।