সিওল: পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার প্রত্যাঘাত ছিল ‘অপারেশন সিন্দুর’। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হতেই পাকিস্তানের স্বরূপ তুলে ধরতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। সোমবার দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার সময় ভারতীয় প্রতিনিধি দলের সদস্য তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ২২ এপ্রিল যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এখন আর তা শুধুমাত্র ভারতের জাতীয় নিরাপত্তার বিষয় নয়। এটা গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয়। পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে ও আড়াল করছে, তা সবাই দেখতে পাচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার অর্থ সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করা। এখানেই না থেমে অভিষেক আরও জানান, ‘নিজের বাড়ির পিছনে সাপ পুষে রেখে যদি কেউ আশায় থাকেন যে, সেটা শুধু আপনার প্রতিবেশীকেই কামড়াবে, তা ভুল। কারণ একবার সাপ ছাড়া পেলে, সে যাকে পারবে তাকেই কামড়াবে। পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদ এবং জঙ্গিদের মদত দিয়ে চলেছে তা বোঝাতে ৯/১১, ২৬/১১, উরি, পহেলগাঁওয়ের হামলার কথা তুলে ধরেন তৃণমূল সাংসদ। বলেন, মনে রাখতে হবে, ওসামা বিন লাদেনকেও পাওয়া গিয়েছিল পাকিস্তানের অ্যাবোটাবাদেই।



