


প্যারিস: ফের সংবাদ শিরোনামে ফরাসি প্রেসিডেন্ট। তবে রাজনৈতিক নয়, ইমানুয়েল ম্যাক্রঁর ব্যক্তিগত মুহূর্তকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রবিবার সন্ধ্যায় ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছন সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট। এর পরের একটি ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিমান থেকে নামার সময় মুখে হাত দিয়ে ম্যাক্রঁকে ঠেলে দিচ্ছেন তাঁর স্ত্রী ব্রিগিট। তা দেখে অনেকের মনে হয়েছে, ফরাসি প্রেসিডেন্টকে চড় মারছেন স্ত্রী। প্রথমে ম্যাক্রঁর অফিসের তরফে গোটা বিষয়টিকে অস্বীকার করা হয়। পরে অবশ্য সুর বদলে জানানো হয়, ওটা নিছকই একটা মজার মুহূর্ত ছিল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, হ্যানয়ের রানওয়েতে অবতরণের পরে বিমানের দরজা খোলেন এক কেবিন ক্রু। দরজা খোলার সময়েই দেখা যায়, স্ত্রীকে কিছু বলছেন ম্যাক্রঁ। তার পরেই প্রেসিডেন্টের মুখে দু’হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন ব্রিগিট। এতে দৃশ্যতই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন প্রেসিডেন্ট। কিন্তু, তার পরেই নিজেকে সামলে নিয়ে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। পরে একসঙ্গে সিঁড়ি দিয়ে নামলেও স্বামীর বাড়ানো হাত ধরেননি ব্রিগিট। পুরো ঘটনা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ বলছেন, কোনও ইস্যুতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। তার মধ্যে এমন ঘটনা ঘটতেই পারে। কেউ আবার বিষয়টিকে নিছকই রসিকতা হিসেবে দেখছেন।