Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতীয় দলের কোচ হতে আগ্রহী সৌরভ, রাজনীতিতে ‘না’ মহারাজের

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে তিনি সফল। বোর্ড সভাপতি হিসেবেও সুনামের সঙ্গে কাজ করেছেন। আগামী দিনে তাঁকে দেখা যেতে পারে ভারতীয় দলের কোচের পদে।

ভারতীয় দলের কোচ হতে আগ্রহী সৌরভ, রাজনীতিতে ‘না’ মহারাজের
  • ২৩ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে তিনি সফল। বোর্ড সভাপতি হিসেবেও সুনামের সঙ্গে কাজ করেছেন। আগামী দিনে তাঁকে দেখা যেতে পারে ভারতীয় দলের কোচের পদে। কারণ, এক সাক্ষাৎকারে তিনি টিম ইন্ডিয়ার কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। 

Advertisement

খেলা ছাড়লেও বাইশ গজের সঙ্গে সম্পর্ক রয়েই গিয়েছে সৌরভের। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাজ করেছেন। মেন্টর থেকে হয়েছেন ডিরেক্টর অব ক্রিকেট, যা মূলত কোচিং কেরিয়ারে পথ চলার প্রাথমিক ধাপ বলেই মনে করা হচ্ছিল। সৌরভ জেনে বুঝে যেন সেই সম্ভাবনা আরও উস্কে দিলেন, ‘অবসর নেওয়ার পর বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সিএবি সভাপতি, বিসিসিআই সভাপতি পদে কাজ করেছি। তখন ক্রিকেট প্রশাসন নিয়েই বেশি মাথা ঘামাতে হয়েছে। সময় ছিল না অন্যকিছু নিয়ে ভাবার। এখন আমি পঞ্চাশোর্ধ্ব। ভারতীয় দলের কোচ হওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়।’
তবে গিলদের হেডস্যার গৌতম গম্ভীরের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে সৌরভের মুখে। তিনি বলেন, ‘খুব ভালো কাজ করছে গৌতম। শুরুটা আশানুরূপ হয়নি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয় ওর প্রতি সমর্থকদের আস্থা কমিয়েছিল। তবে দ্রুত দলকে ছন্দে ফিরিয়েছে। জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে শুরুটাও হয়েছে বেশ ভালোই। আমার বিশ্বাস, গিলরা এই পারফরম্যান্স ধরে রাখলে লড়াই হবে আরও রোমাঞ্চকর। কোচ হিসেবে গম্ভীরকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি। তাই ওর পরিকল্পনা ও কৌশল প্রসঙ্গে মন্তব্য করা ঠিক নয়। তবে ক্রিকেটের প্রতি প্যাশন দুর্দান্ত। বড় গুণ হল, রাখঢাক করে কথা বলে না। যা বলার, মুখের উপর বলে দেয়। এতে কোচের ভাবমূর্তি উজ্জ্বল হয় ক্রিকেটারদের কাছে। সততা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ থাকে না।’
অনেকেই ভেবেছিলেন, সৌরভ গাঙ্গুলি হয়তো রাজনীতিতে যোগ দেবেন। তাঁকে নিয়ে জল্পনাও দানা বেঁধেছিল। কিন্তু মহারাজ বারবার জানিয়েছেন যে, রাজনীতি নিয়ে তাঁর কোনও আগ্রহ নেই। সেই একই বক্তব্য আরও একবার শোনা গেল প্রাক্তন ভারত অধিনায়কের মুখে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৬ বিধানসভা নির্বাচনে তাঁকে যদি বাংলার মুখ‌্যমন্ত্রীর মুখ করা হয়, তাহলে কি তিনি রাজনীতিতে যোগ দেবেন? জবাবে মহারাজ স্পষ্ট জানান, ‘রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছা নেই।’
এদিকে, বিরাট কোহলি ও রোহিত শর্মার ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় রয়েছে সৌরভের। তিনি বলেন, ‘কালের নিয়মেই ওরা ক্রিকেট থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। পরের ওয়ান ডে বিশ্বকাপ হবে সাতাশে। ততদিন ওদের পক্ষে ফর্ম ও ফিটনেস ধরে রাখা কঠিন। দু’জনেই টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছে। ওয়ান ডে ফরম্যাটে বছরে ওরা ১৫টার মতো ম্যাচ খেলার সুযোগ পাবে। দু’বছর পর কোহলি হবে ৩৮। রোহিত ৪০। ওদের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া সহজ হবে না। ওরা অনেক দিন খেলছে। অভিজ্ঞতাও বেশি। জানে, কখন কী সিদ্ধান্ত নিতে হবে।’

সম্পর্কিত সংবাদ