নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩০ দিনের মধ্যে নবান্নে প্রস্তাবিত ড্রাফ্ট বা এসওপি জমা করবে টাস্কফোর্স বা মুখ্যসচিবের তৈরি কমিটি। রুফটপ কাফে থেকে শুরু করে যে কোনও ধরনের ব্যবসা করতে গেলে কী কী নিয়ম মানতে হবে, তা ঠিক করবে ওই কমিটি। মূলত, কোনও বিল্ডিংয়ে ব্যবসা করতে গেলে অগ্নিকাণ্ড রুখতে কী কী নিয়ম মেনে চলা বাধ্যতামূলক, দমকল সংক্রান্ত কী নিয়ম রয়েছে, তাও চূড়ান্ত করে দেবে কমিটি। এ সংক্রান্ত দু’টি কমিটি তৈরি হয়েছে রাজ্য এবং জেলাস্তরে। রাজ্যস্তরের কমিটির শীর্ষে রয়েছেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জেলাস্তরে সংশ্লিষ্ট জেলাশাসককে কমিটির মাথায় রাখা হয়েছে। বুধবার কলকাতা পুরসভায় এই কমিটির প্রথম বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, সব দপ্তর তাদের বক্তব্য ও প্রস্তাব লিখিত আকারে জমা করবে। বৈঠকে ফিরহাদ হাকিম ছাড়াও দমকলমন্ত্রী সুজিত বসু, বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান, বিদ্যুৎ ও আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস, পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন। পাশাপাশি ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধান সচিব, এডিজি (আইনশৃঙ্খলা), কলকাতার পুলিস কমিশনার ও পুর কমিশনার। এই কমিটির সুপারিশ আদতে মন্ত্রিসভার কাছেই জমা পড়বে।



