নয়াদিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে হানিমুন মার্ডার কাণ্ডে একাধিক তথ্য সামনে আসছে। মেঘালয়ে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগ উঠেছে সোনমের উপর। ঘটনায় সোনম সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিস। কিন্তু তদন্তে অসন্তুষ্ট হয়ে সিবিআই তদন্তের আর্জি জানালেন রাজার ভাই বিপিন রঘুবংশী। তাঁর দাবি, সম্প্রতি সোনমের ফোনালাপের অডিও রেকর্ডিং প্রকাশ্যে আসে। তাতেই হত্যাকাণ্ডে তার পরিবারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে ধৃতদের মধ্যে কয়েকজন জামিন পেয়ে গিয়েছে। বিষয়টি নিয়েও ক্ষোভ উগরে দেন বিপিন। বলেন, ‘পুলিসি তদন্তে নিশ্চয়ই গাফিলতি রয়েছে। নাহলে এতো তাড়াতাড়ি জামিন পাওয়া সম্ভব নয়।’ এদিকে, শুক্রবার জামিন পেলেন আর এক অভিযুক্ত সিলোম জেমস। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করে দায়রা আদালত। জেমসের রতলামের বাড়ি থেকে একটি সোনার হার উদ্ধার করেছিল বিশেষ তদন্তকারী দল। পরে জানা যায়, সেটি রাজা রঘুবংশীর ছিল। এরপরেই জেমসকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের আইনজীবী দেবেশ শর্মা বলেন, ‘আমার মক্কেল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এটাই জানিয়েছি।’



