Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

টাকা না দেওয়ায় মাকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড ছেলের

টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে খুন। এই ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের। আজ, মঙ্গলবার অভিযুক্ত বিজয় পান্নাকে সাজার নির্দেশ দেয় জলপাইগুড়ি জেলা আদালত।

টাকা না দেওয়ায় মাকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড ছেলের
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে খুন। এই ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হল ছেলের। আজ, মঙ্গলবার অভিযুক্ত বিজয় পান্নাকে সাজার নির্দেশ দেয় জলপাইগুড়ি জেলা আদালত। ২০২৩ সালের ৩০মে বানারহাট থানার গয়েরকাটা চা বাগানে খুনের ঘটনাটি ঘটে। ঘটনায় নিহত হন সাধনি পান্না (৬৫)। এরপর মৃতার ছোট ছেলে সুনীল পান্না তাঁর দাদার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের এসআই বিনোদ সুব্বা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে মামলার চার্জশিট জমা দেন। তদন্তকারী পুলিশ অফিসার, চিকিৎসক-সহ মামলায় মোট ১০ জন সাক্ষ্য দেন। আদালতে জমা পড়া সমস্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে বিচারক অভিযুক্ত বিজয় পান্নাকে দোষী সাব্যস্ত করে। এদিন তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। জানিয়েছেন মামলার সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ।

Advertisement

তিনি বলেন, সাধনি পান্না পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। ছোট ছেলের কাছেই থাকতেন ওই মহিলা। যেদিন ঘটনাটি ঘটে তার আগের দিন মহিলার ছোট ছেলে, ছেলের বউ ও নাতি কোনও একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যায়। পরদিন বাড়ি ফিরেই ঠাকুমার খোঁজ করে নাতি। সে ঘরে ঢুকে দেখে, চারদিকে রক্ত। তার ঠাকুমা মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপরই খুনের ঘটনায় দাদার উপরে সন্দেহ জাগে ওই মহিলার ছোট ছেলের। তিনি বানারহাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলার বড় ছেলেকে গ্রেপ্তার করে। পরে জেরায় পুলিশ জানতে পারে, মায়ের কাছে টাকা চেয়েছিল সে। সেই টাকা না পেয়েই ধারাল ছুরি দিয়ে মাকে কুপিয়ে খুন করে সে।

Advertisement
সম্পর্কিত সংবাদ