Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

হঠাৎই অসুস্থ স্মৃতির বাবা, স্থগিত বিবাহ

হাই-প্রোফাইল হবু দম্পতি। স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের আসরের দিকে নজর ছিল গোটা দেশের। কিন্তু বিধি বাম। রবিবার বিকেলে চার হাত এক হওয়ার আগেই বিনা মেঘে বজ্রপাত। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তারকা ক্রিকেটারের বাবা।

হঠাৎই অসুস্থ স্মৃতির বাবা, স্থগিত বিবাহ
  • ২৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাই-প্রোফাইল হবু দম্পতি। স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ের আসরের দিকে নজর ছিল গোটা দেশের। কিন্তু বিধি বাম। রবিবার বিকেলে চার হাত এক হওয়ার আগেই বিনা মেঘে বজ্রপাত। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তারকা ক্রিকেটারের বাবা। অগত্যা পিছিয়ে গেল বিয়ে। এবিষয়ে স্মৃতির আপ্তসহায়ক তুহিন মিশ্র জানিয়েছেন, ‘প্রাতরাশের পরেই অসুস্থ বোধ করেন শ্রীনিবাস মান্ধানা। আপাতত হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।’ অন্যদিকে, মান্ধানা পরিবারের  চিকিৎসক নমন শাহ জানিয়েছেন, ‘বুকে অস্বস্তি বোধ করায় স্মৃতির বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত অবস্থা স্থিতিশীল।’ সূত্রের খবর, এমন পরিস্থিতিতে বিয়ে পিছিয়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেন স্মৃতিই। কঠিন সময়ে তাঁকে আগলে রেখেছেন পলাশ।

Advertisement

বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য স্মৃতি। সামাজিক মাধ্যমে গ্ল্যামার কুইনের ফলোয়ার্সের সংখ্যা কয়েক লক্ষ। সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব তাঁর। ওয়াংখেড়ের ঐতিহাসিক ২২ গজে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সেই পিচেই হবু স্ত্রীর হাতে আংটি পরিয়ে দেন পলাশ। রবিবারই গাঁটছড়া বাঁধার কথা ছিল তাঁদের। সে জন্য গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের সাঙ্গলিতে উৎসবের আবহ। স্মৃতির সতীর্থরাও তাতে শামিল। গায়ে হলুদ ও সঙ্গীতের সময়ের নানা মজার মুহূর্ত সোশ্যাল সাইটে ভাইরাল। এমনকী আমন্ত্রণপত্রও শোভা পাচ্ছে অনুরাগীদের টাইমলাইনে। সবমিলিয়ে দুই তারকার বিবাহ অনুষ্ঠান নিয়ে চর্চার শেষ নেই। আচমকা শ্রীনিবাস মান্ধানার অসুস্থতার জেরে উৎসবমুখর পরিবেশে বিষাদের সুর। তাঁর আরোগ্য কামনায় চলছে প্রার্থনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ