Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর: মতুয়াদের ‘আগুন’ জ্বালানোর বার্তা মমতা ঠাকুরের

এসআইআর ইস্যুতে গর্জে উঠেছে মতুয়ারা। প্রায় লক্ষাধিক মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কায় দিন গুনছেন তাঁরা। এবার এসআইআরের প্রতিবাদে রাস্তায় নামছেন বনগাঁ মহকুমার মতুয়ারা।

এসআইআর: মতুয়াদের ‘আগুন’ জ্বালানোর বার্তা মমতা ঠাকুরের
  • ১৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: এসআইআর ইস্যুতে গর্জে উঠেছে মতুয়ারা। প্রায় লক্ষাধিক মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কায় দিন গুনছেন তাঁরা। এবার এসআইআরের প্রতিবাদে রাস্তায় নামছেন বনগাঁ মহকুমার মতুয়ারা। রবিবার থেকে এই প্রতিবাদ মিছিল শুরু করবেন তাঁরা। বনগাঁ থেকেই প্রতিবাদের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। শনিবার বনগাঁ টাউন হলের মাঠে শুরু হয়েছে বনগাঁ মহকুমা মতুয়া সম্মেলন। এদিন সেই সম্মেলনে আসেন মমতা ঠাকুর। মতুয়াদের পথে নামার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আর কতকাল আমাদের লড়াই করতে হবে জানি না। আমরা অধিকার চাই। অধিকার ছিনিয়ে নিতে হবে। প্রতিবাদে মাধ্যমে ‘আগুন’ জ্বালাতে হবে। বনগাঁ থেকে আন্দোলনের পথ দেখাবে মতুয়ারা। এদিন মমতা ঠাকুর আরও বলেন, ওপার বাংলার মতুয়াদের উপর আঘাত হানা হয়েছে এসআইআরের নামে। দরকার হলে আইন বদল হতে হবে। অধিকার পেতে প্রকৃত মতুয়াদের এগিয়ে আসতে হবে। কোথাও কেউ যদি মতুয়াদের বিরুদ্ধে কাজ করে প্রতিবাদ জানানো হবে। তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে হাতজোড় করে অনুরোধ করেছি এসআইআরে আধার কার্ড অন্তর্ভুক্ত করতে, শোনেনি। আমাদের গোলামে পরিণত করতে চাইছে।

Advertisement

রবিবার বনগাঁ শহরে বিশাল প্রতিবাদ মিছিল ডাক দিয়েছে মতুয়ারা। জানা গিয়েছে, মহকুমার প্রায় ১০০টি দল নিয়ে মিছিলে হাঁটবেন সাধু গোঁসাই দলপতিরা। এসআইআর শুরু হতেই মতুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। প্রচুর মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন তাঁরা। খসড়া তালিকা প্রকাশ হতেই আশঙ্কা সত্যি হয়। শুনানিতে ডাক পড়ে মতুয়াদের। মমতা ঠাকুর গোষ্ঠীর অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, এসআইআরের নামে মতুয়াদের নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে রবিবার থেকে মতুয়াদের প্রতিবাদ শুরু হল। লাগাতর প্রতিবাদ চলবে।

সম্পর্কিত সংবাদ