নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মাত্র সাত ঘণ্টায় ৫৮৮টি মামলা মীমাংসা করে রাজস্ব আদায়ের পরিমাণ ১ কোটি ৬৬ লক্ষ ১৫ হাজার ৭৭৪ টাকা। তিনদিন আগে শনিবার শিলিগুড়িতে ন্যাশনাল লোক আদালত বসিয়ে এমন রাজস্ব আদায় করেছে প্রশাসন। সংশ্লিষ্ট কেসগুলি দীর্ঘদিন ধরে ঝুলছিল। যারমধ্যে অপ্রকৃতিস্থ অবস্থায় গাড়ি চালানো, পথ দুর্ঘটনা, ক্ষুদ্র অর্থ লগ্নি সংস্থা ও ব্যাঙ্ক ঋণের মামলা রয়েছে। তবে এখনও পর্যন্ত ১০২টি কেস নিষ্পত্তি হয়নি।
শিলিগুড়ি মহকুমা লিগাল সার্ভিসেস কমিটির সম্পাদক দীপঙ্কর বর্মন বলেন, চলতি বছর প্রথম লোক আদালতেই ব্যাপক সাড়া মেলে। অধিকাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। তাতে দেড় কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। আগামী এক-দু’মাস পর আবার লোক আদালত বসতে পারে।
দীর্ঘদিন ধরে মহকুমায় পথ দুর্ঘটনা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত মামলা ঝুলছিল। এজন্য শনিবার মহকুমা কোর্ট চত্বরে লোক আদালত বসানো হয়। প্রশাসন সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ আদালতের কাজ শুরু হয়। তাতে সাতটি বেঞ্চ বসেছিল। প্রতিটি বেঞ্চে বিচার বিভাগের একজন করে অফিসার ছিলেন। বিকেল ৫টা পর্যন্ত চলে আদালত। সাত ঘণ্টায় শুনানি হয় ৬৯০টি মামলার। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ৫৮৮টি মামলার। অমীমাংসিত রয়েছে ১০২টি মামলা।
নিষ্পত্তি হওয়া মামলাগুলি থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। মহকুমা লিগাল সার্ভিসেস কমিটি সূত্রে জানা গিয়েছে, ৫৮৮টি মামলা নিষ্পত্তি করে রাজস্ব আদায়ের পরিমাণ ১ কোটি ৬৬ লক্ষ ১৫ হাজার ৭৭৪ টাকা। যারমধ্যে পথ দুর্ঘটনা সংক্রান্ত ১০টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে আটটির। এতে রাজস্ব আদায়ের পরিমাণ সর্বাধিক, প্রায় ৮২ লক্ষ ৭০ হাজার টাকা। ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত ১৪৩টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৯৮টির। তা থেকে রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৬৮ লক্ষ ৫৩ হাজার ৩১৯ টাকা। ক্ষুদ্র অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে ওঠা ৯২টি মামলার মধ্যে ৪১টির মীমাংসা হয়েছে। এতে রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৮ লক্ষ ৮৮ হাজার ২০০ টাকা। এরবাইরে মদ্যপান করে বাইক ও গাড়ি চালানোর ৪৪০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সেগুলি থেকে রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৫ লক্ষ ৮২ হাজার ২৫৫ টাকা।
মহকুমা লিগাল সার্ভিসেস কমিটির সদস্যরা বলেন, এতে দীর্ঘদিন ধরে জমে থাকা কিছু মামলা যেমন নিষ্পত্তি হয়েছে, তেমনই সরকারের রাজস্বও আদায় হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মামলাগুলিতে জড়িতরাও স্বস্তি পেয়েছেন। কমিটির সম্পাদক বলেন, এ ধরনের লোক আদালত বছরে চারটি হওয়ার কথা। আরও তিনবার এখানে এমন আদালত বসবে।