Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতলেন শুভমানরা

জিতলেই প্লে-অফের পথে আরও এক কদম এগিয়ে যাওয়া। সেই লক্ষ্য নিয়েই মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতলেন শুভমানরা
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: জিতলেই প্লে-অফের পথে আরও এক কদম এগিয়ে যাওয়া। সেই লক্ষ্য নিয়েই মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে নাটকীয়ভাবে শেষ বলে ৩ উইকেটে জিতলেন শুভমান গিলরা। জয়ের সুবাদে ১১ ম্যাচে গুজরাত পৌঁছল ১৬ পয়েন্টে। উঠে এল তালিকায় শীর্ষে। অন্যদিকে, ১২ ম্যাচে ১৪ পয়েন্টে চতুর্থ স্থানে নামল মুম্বই। 

Advertisement

১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই সাই সুদর্শনকে হারায় টাইটান্সরা। তারপরই ঝোড়ো হাওয়া বইতে থাকে ওয়াংখেড়েতে। বৃষ্টির আশঙ্কায় উঠে আসে ডাকওয়ার্থ-লুইসের জটিল অঙ্ক। সেই সমীকরণে পাঁচ ওভারের পর গুজরাত পিছিয়েই ছিল। কিন্তু জস বাটলারকে (৩০) সঙ্গে নিয়ে শুভমান গিল ক্রমশ ডাকওয়ার্থ-লুইস স্কোর পেরিয়ে যান। ১৪ ওভারের পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়। তখন গুজরাতের স্কোর ১০৭-২। ডাকওয়ার্থ-লুইস নিয়মে তখন জেতার স্কোর ৯৯। অর্থাৎ, গুজরাত এগিয়ে ছিল ৮ রানে।
তবে বৃষ্টির পর খেলা শুরু হতেই বদলায় ম্যাচের চেহারা। দুরন্ত ডেলিভারিতে যশপ্রীত বুমরাহ বোল্ড করেন গিলকে (৪৩)। পরের ওভারে রাদারফোর্ডকে (২৮) এলবিডব্লু করেন ট্রেন্ট বোল্ট। ১৭তম ওভারে ফের আঘাত হানেন বুমরাহ। এবার স্টাম্প ছিটকে যায় শাহরুখ খানের (৬)। বৃষ্টিতে অবশ্য আবার ব্যাহত হয় ম্যাচ। তখন গুজরাতের স্কোর ১৩২-৬। জেতার জন্য ১২ বলে চাই ২৪। তবে ডাকওয়ার্থ-লুইস নিয়মে পার স্কোরের (১৩৭) চেয়ে ৫ রানে তখন পিছিয়েছিল গুজরাত। ফের এক ওভারের জন্য শুরু হয় ম্যাচ। এবার ১৯ ওভারে টার্গেট দাঁড়ায় ১৪৭। অর্থাৎ, ৬ বলে চাই ১৫ রান। দীপক চাহারের পঞ্চম বলে জেরাল্ড কোয়েৎজি আউট হওয়ায় সমীকরণ দাঁড়ায় ১ বলে ১ রানের। টানটান উত্তেজনার মধ্যে শেষ বলে ব্যাট চালিয়েই দৌড়ন আর্শাদ খান। মুম্বই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সরাসরি থ্রো মিস করে স্টাম্প। জিতে যায় গুজরাত। 
 তার আগে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বই আট উইকেটে ১৫৫ রানে থামে। দুই ওপেনার রায়ান রিকেলটন (২) ও রোহিত শর্মা (৭) রান পাননি। দু’বার করে জীবনদানের সুযোগ কাজে লাগান উইল জ্যাকস (৫৩) ও সূর্যকুমার যাদব (৩৫)। হার্দিক  (১), তিলক (৭), নমন (৭) ব্যর্থ।  করবিন বস করেন মূল্যবান ২৭।

Advertisement
সম্পর্কিত সংবাদ