বরোদা: গত অক্টোবরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় স্প্লিনে (প্লীহা) চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি। রবিবার প্রত্যাবর্তনের ম্যাচে চেনা ছন্দে পাওয়া গেল মুম্বইকরকে। এক রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করলেও নিজের পারফরম্যান্সে খুশি মুম্বইকর। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে শ্রেয়স বলেছেন, ‘সিরিজের শুরুটা দুর্দান্ত হল। দলে ফিরতে পেরে খুশি। সবার সঙ্গে এক ড্রেসিং-রুম ভাগ করে নেওয়ার আনন্দ অন্যরকম। এটাই দীর্ঘদিন ধরে মিস করছিলাম। ফিরতে পেরে সেজন্যই তৃপ্ত।’
বরোদায় বিরাট কোহলির ব্যাটিং মুগ্ধ করছে শ্রেয়সকে। ভারতের সহ-অধিনায়ক বলেছেন, ‘ওর ইনিংস সম্পর্কে যা-ই বলি না কেন, সেটাই কম হবে। বছরের পর বছর ধারাবাহিকতার সঙ্গে এমনই খেলে চলেছে। যেভাবে খুচরো রান নেয়, যেভাবে বোলারদের শাসন করে, তা অবিশ্বাস্য।’ উল্লেখ্য, রবিবার তৃতীয় উইকেটে বিরাট ও শ্রেয়স যোগ করেন ৭৭ রান।। এই ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২৮ হাজার রানে পৌঁছান ভিকে। তাঁর লাগল ৬২৪ ইনিংস। সেই সুবাদে পিছনে ফেললেন শচীন তেন্ডুলকরকে (৬৪৪ ইনিংস)। অবশ্য তিন ফরম্যাট মিলিয়ে মোট রানের বিচারে এখনও তাঁর সামনে শচীন তেন্ডুলকর (৩৪,৩৫৭)।