Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন শ্রেয়স ও ঈশান, এ+ বিভাগে রইলেন বিরাট-রোহিত

আইপিএলের মাঝেই সুখবর পেলেন শ্রেয়স আয়ার ও ঈশান কিষাণ।

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন শ্রেয়স ও ঈশান, এ+ বিভাগে রইলেন বিরাট-রোহিত
  • ২১ এপ্রিল, ২০২৫ ১৩:০৪

মুম্বই, ২১ এপ্রিল: আইপিএলের মাঝেই সুখবর পেলেন শ্রেয়স আয়ার ও ঈশান কিষাণ। বিসিসিআইয়ের ২০২৪-২৫ কেন্দ্রীয় বার্ষিক চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দুই ক্রিকেটারকে। ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫— এই সময়কালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করা হয়েছে। যাতে নাম রয়েছে শ্রেয়স ও ঈশানের। ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া নির্দেশ ছিল ঘরোয়া ক্রিকেট খেলতে হবে চুক্তিতে থাকা সকল ক্রিকেটারকে। যদিও বোর্ডের সেই নির্দেশ প্রথমে মানেননি শ্রেয়স আয়ার। পরে শ্রেয়সকে ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা গেলেও বোর্ডের হুঁশিয়ারিকে পাত্তা দেননি ঈশান। একেবারেই ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যায়নি এই বাঁ হাতি ব্যাটারকে।  যার ফলস্বরূপ তাঁদের উপর নেমে আসে শাস্তি। গত বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় দু’জনের নামই। ২০২৪-২৫ বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে শ্রেয়সের নাম থাকা নিয়ে জল্পনা ছিল। কিন্তু ঈশানকে আপাতত চুক্তিতে আনছে না বোর্ড, এমনটাই শোনা যায়।

Advertisement

যদিও সেই খবরকে মিথ্যে প্রমাণিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজ, সোমবার বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার পর দেখা যায় তাতে শ্রেয়স ও ঈশান দু’জনের নামই রয়েছে। বোর্ডের চরম হঁশিয়ারির পরই ঘরোয়া ক্রিকেটে খেলতে নামেন ঈশাণ। তাই তিনি ফিরেছেন চুক্তিতে। তবে এবারের তালিকায় বেশকিছু পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রকাশিত বার্ষিক চুক্তির তালিকায় দেখা গিয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আগের মতোই এ+ বিভাগে রয়েছেন। তাঁর সঙ্গে ওই বিভাগে আছেন যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।

এ বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, মহম্মদ সামি, ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। বি বিভাগে রয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আয়ার। সর্বশেষ সি বিভাগে আছেন রিঙ্কু সিং, তিলক ভর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবী বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং ঈশান কিষাণ। কেন্দ্রীয় চুক্তির তালিকাতে এবারে জায়গা পেয়েছেন মোট ৩৪ জন ক্রিকেটার। 

 

সম্পর্কিত সংবাদ