Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজ্ঞাপনের কাঠামো ভাঙার খরচ দিন, শপিং মলকে ফের নোটিস

পুরসভাকে না জানিয়ে বেকবাগানের শপিং মলে তৈরি করা হয়েছিল বিজ্ঞাপনের কাঠামো। জ্বলজ্বল করছিল বিজ্ঞাপনও। সম্প্রতি সেই অবৈধ স্ট্রাকচার ভেঙে দিয়েছে কলকাতা পুরসভা।

বিজ্ঞাপনের কাঠামো ভাঙার খরচ  দিন, শপিং মলকে ফের নোটিস
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভাকে না জানিয়ে বেকবাগানের শপিং মলে তৈরি করা হয়েছিল বিজ্ঞাপনের কাঠামো। জ্বলজ্বল করছিল বিজ্ঞাপনও। সম্প্রতি সেই অবৈধ স্ট্রাকচার ভেঙে দিয়েছে কলকাতা পুরসভা। এবার আরও এক ধাপ এগিয়ে পুরসভা ওই কাঠামো ভেঙে ফেলার খরচও দাবি করল মল কর্তৃপক্ষের কাছে। নোটিস পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে। তা না মেটালে প্রয়োজনে আরও কোনো বড় পদক্ষেপ হতে পারে বলেই পুরসভা সূত্রে খবর। এ বাবদ ২৪ হাজার টাকা চাওয়া হয়েছে মল কর্তৃপক্ষের কাছে। 

Advertisement

পার্ক সার্কাসের বেকবাগানের একটি অভিজাত শপিং মল কর্তৃপক্ষ তাদের সীমানায় বিজ্ঞাপন দেওয়ার জন্য লোহার স্ট্রাকচার বানিয়েছিল। গত সোমবার রাতে পুরসভা সেখানকার ১৬টি বিজ্ঞাপনি কাঠামো ভেঙে ফেলে। বিজ্ঞাপন বিভাগের আধিকারিক জানান, যখন এগুলি বানানো হচ্ছিল, তখন থেকেই মল কর্তৃপক্ষকে বারণ করা হয়েছে। চারবার চিঠি দেওয়া হয়েছে। ৫১ লক্ষ টাকা জরিমানা চাওয়া হয়েছিল। পুরসভার বিজ্ঞাপন নীতি মেনে ওই কাজ করা হয়নি। চিঠি দেওয়ার পরেও যথাযথ উত্তর মল কর্তৃপক্ষ দিচ্ছিল না। তাই বাধ্য হয়ে কড়া অবস্থান নিতে হয়েছে। ওই আধিকারিকের সংযোজন, ‘ভাঙতে গিয়ে আমাদের যে খরচ হয়েছে, সেই বাবদ ২৪ হাজার টাকা চেয়ে নোটিস দেওয়া হয়েছে মল কর্তৃপক্ষকে।’ যদিও শপিং মলের তরফে কোনো উত্তর আসেনি। পুরসভা কিছুদিন অপেক্ষা করবে। তারপর আইনানুগ পদক্ষেপ করবে বলে খবর। 

সম্পর্কিত সংবাদ