নয়াদিল্লি: সাতসকালে খাস রাজধানীর বুকে শ্যুটআউট। পুলিশ ও দুষ্কৃতীর গুলি-পাল্টা গুলিতে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির রোহিনীর সেক্টর ২৪। শনিবার সকালের ঘটনায় শেষপর্যন্ত কুখ্যাত গোগি গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের হাত গলে পালিয়ে গিয়েছে আরও দুজন। জানা যাচ্ছে, গো রক্ষক দলের সঙ্গে যুক্ত একজনকে টার্গেট করেছে গোগি গ্যাং। শনিবারই হওয়ার কথা ছিল অপারেশন। বিশ্বস্ত সূত্রে এই খবর মিলতেই সক্রিয় হয় পুলিশ। এসএইচও করুণা সাগরের নেতৃত্বে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান শুরু করে বুদ্ধ বিহার থানা। গ্যাংস্টারদের ধরতে বাঁকে বিহারী মন্দিরের কাছে জাল পাতে পুলিশ। সাদা গাড়িতে করে গোগি গ্যাংয়ের সদস্যরা এলাকা দিয়ে যাচ্ছিল। ওই গাড়িটিকে থামতে বলেন কর্তব্যরত পুলিস কর্মীরা। তখনও গাড়ি থেকে পুলিসকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের গুলির লড়াইয়ে দুই দুষ্কৃতী আহত হয়েছে। তাদের নাম লালু ও ইরফান। নীতিশ নামের অন্য একজনকেও গ্রেপ্তার করা হয়। দুষ্কৃতীদের গাড়ি ও অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ছবি: পিটিআই



