গুরুগ্রাম: ইউটিউবার এলভিস যাদবের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় এক শ্যুটারকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম ইশান্ত গান্ধী ওরফে ইশু। তদন্তে নেমে শুক্রবার ফরিদাবাদের বাসিন্দা ইশান্তকে গ্রেপ্তার করে পুলিস। জানা গিয়েছে, এদিন ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ফরিদপুর গ্রামে অভিযান চালায় পুলিসের অপরাধ দমন শাখা। তখনই বাইক নিয়ে পালানোর চেষ্টা করে সে। পুলিসকে লক্ষ্য করে গুলিও চালায়। পাল্টা গুলি চালায় পুলিসও। পায়ে চোট লাগে ইশান্তের। অভিযুক্ত ইশান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ফরিদাবাদ পুলিসের ডেপুটি কমিশনার (অপরাধ) মুকেশ মালহোত্রা জানিয়েছেন, সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট ইশান্তের মুখ দেখা গিয়েছিল। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।



