Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশ্বভারতীতে এসএফআইয়ের ‘রবীন্দ্র কাপ’

বিশ্বভারতীর মাঠে কেন ‘নরেন্দ্র কাপ’ করবে গেরুয়া শিবির? এই প্রশ্নে সোচ্চার হয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই।

বিশ্বভারতীতে এসএফআইয়ের ‘রবীন্দ্র কাপ’
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বভারতীর মাঠে কেন ‘নরেন্দ্র কাপ’ করবে গেরুয়া শিবির? এই প্রশ্নে সোচ্চার হয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। এবার এসএফআই বিশ্বভারতীর মাটি থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল শুরু করেছিল বিবেক কাপ, তারপর গেরুয়া শিবিরের নরেন্দ্র কাপ। এবার ২০২৬ সালের আগে বাম ছাত্ররাও মাঠের খেলায় নেমে পড়ল। 

Advertisement

দিনকয়েক আগেই বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনের মাঠে ‘নরেন্দ্র কাপ’-এর আয়োজন করেছিল গেরুয়া শিবির। এসএফআই অভিযোগ তুলেছিল, বিশ্বভারতীকে গৈরিকীকরণের চেষ্টা চলছে। তারই পুজোর পর এবার পালটা ‘রবীন্দ্র কাপ’। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘বড়ো অংশের ছাত্রছাত্রীকে এককাট্টা করা আমাদের পরিকল্পনা। সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে জেলায় জেলায় ‘ছাত্র-যুব উত্সব’ চলছে। এটা বিশ্বভারতী থেকে শুরু হচ্ছে। প্রয়োজনে সারা রাজ্যেই হবে।’
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর মৃত্যুতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করল এসএফআই। তাদের আরও দাবি, পড়ুয়াদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ে যতগুলো সিসি ক্যামেরার প্রয়োজন সেগুলো লাগাতে হবে। এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিরোধী দলনেতার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন।
 রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘আসলে ওইসব নেতাই বাংলার আবর্জনা। তাঁদের সাফ করার জন্য আগের মতো মুখ্য ভূমিকা নেবে এসএফআই। এঁরা বাংলার শিক্ষাক্ষেত্রের আবর্জনা।’ এর পাশাপাশি স্থায়ী নিরাপত্তা কর্মী, পুকুর সংস্কার ও নেশাচক্র ভাঙার জন্য নতুন টিম গঠন করার দাবি জানিয়েছেন তাঁরা।

সম্পর্কিত সংবাদ