Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলা ভাষা শেখাতে বিজেপিকে ‘সহজ পাঠ’ পাঠাচ্ছে এসএফআই, পদ্ম শিবিরের জন্য প্রেসক্রিপশন তৈরি করল তৃণমূলও

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমজীবীদের হেনস্তার বিভিন্ন ঘটনা সামনে আসছে। কেন্দ্রের অধীন দিল্লি পুলিসও বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়েছে।

বাংলা ভাষা শেখাতে বিজেপিকে  ‘সহজ পাঠ’ পাঠাচ্ছে এসএফআই, পদ্ম শিবিরের জন্য প্রেসক্রিপশন তৈরি করল তৃণমূলও
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষী শ্রমজীবীদের হেনস্তার বিভিন্ন ঘটনা সামনে আসছে। কেন্দ্রের অধীন দিল্লি পুলিসও বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়েছে। সেই স্রোতে গা ভাসিয়েছেন বিজেপি নেতারাও। এবার এর বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতিবাদে শামিল হল এসএফআই। বুধবার এসএফআই রাজ্য দপ্তর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘সহজ পাঠ প্রথম ভাগ’, ‘সহজ পাঠ দ্বিতীয় ভাগ’ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ‘বর্ণ পরিচয়’ ক্যুরিয়র করে বিজেপি রাজ্য দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

বুধবার সকালেই ‘সহজ পাঠ’-এর দুটি ভাগ এবং ‘বর্ণ পরিচয়’ এসে পৌঁছেছে এসএফআই রাজ্য দপ্তরে। তিনটি বইয়ের সঙ্গে ওই খামেই একটি বার্তাও পাঠানো হবে। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বইপত্র খামে ভরতে ভরতে বলছিলেন, ‘বিজেপি বাংলা ভাষা নিয়ে ঘৃণার পরিবেশ তৈরি করেছে। দেশজুড়ে বাংলাভাষী শ্রমজীবী মানুষের উপর অত্যাচার শুরু করেছে। তাই আমরা এই বইগুলো পাঠিয়ে বিজেপিকে বাংলা ভাষার বুনিয়াদি পাঠ দিচ্ছি।’ এসএফআই এখানে থামবে না। দেবাঞ্জন বলছেন, ‘এতেও কাজ না-হলে আমরা ওই বিজেপি নেতাদের আন্দামানের টিকিট পাঠাব। যাতে ওঁরা সেলুলার জেলে গিয়ে দেখে আসেন, ক’জন বাঙালি ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করেছেন।’ 
থেমে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। তারা আবার একটি প্রেসক্রিপশন তৈরি করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছে।  তাতে ‘রোগীর নাম বিজেপি’ এবং ‘ডাক্তার বাংলার মানুষ’। রোগের নাম দেওয়া হয়েছে ‘বাংলাভীতি’। তৃণমূল বলছে, এর দাওয়াই একটাই—আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির লজ্জাজনক হার।

সম্পর্কিত সংবাদ