Bartaman Logo
১৪ জুন, ২০২৬

বিহারে একের পর এক হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন চিরাগেরও

চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে গত তিনদিনে চারজনকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এর মধ্যে শনিবারের পর রবিবারও জোড়া খুনের সাক্ষী থাকল বিহার।

বিহারে একের পর এক হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন চিরাগেরও
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে গত তিনদিনে চারজনকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এর মধ্যে শনিবারের পর রবিবারও জোড়া খুনের সাক্ষী থাকল বিহার। নিহতদের মধ্যে একজন বিজেপি নেতা। কিছুদিন আগেই রাজধানী পাটনায় ব্যবসায়ী গোপাল খেমকাকে গুলি করে খুন করা হয়েছিল। এই একের পর এক খুনের ঘটনা ডাবল ইঞ্জিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বিরোধীরা তো বটেই, এনডিএ-র শরিক দল এলজেপি (রামবিলাস)ও নীতীশ কুমার সরকারকে এই ইস্যুতে নিশানা করেছেন। দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের প্রশ্ন, ‘বিহারের মানুষকে আর কতগুলি খুন দেখতে হবে? বিহার পুলিসের দায়িত্ব কী, তা বোধগম্য হচ্ছে না।’ স্বাভাবিকভাবেই চিরাগের এই সমালোচনা জেডিইউ-বিজেপি জোট সরকারের অস্বস্তি বাড়িয়েছে। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরির দাবি, এগুলি কোনওটিই সংগঠিত অপরাধ নয়। রাজ্যে এখন সুশাসন চলছে। অপর উপ মুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা এই সব ঘটনার পিছনে আরজেডির হাত থাকার অভিযোগ করেছেন। 

Advertisement

রবিবারও বিহারে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিন পাটনার সুলতানপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে জিতেন্দ্রকুমার মাহাতো নামে এক আইনজীবীকেও খুন করা হয়। অন্যদিকে, ছাপরার বিসাহি গ্রামে সরকারি স্কুলের শিক্ষককে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। গুরুতর জখম হয়েছেন তাঁর গাড়ির চালকও। শনিবার সীতামারি জেলার মেহসৌল চক এলাকায় স্থানীয় ব্যবসায়ী পুতু খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। মাথায় গুলিবিদ্ধ ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। এভাবে প্রকাশ্যে খুনের ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাস্তায় দেহ নিয়ে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, জমি বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। এর কয়েক ঘণ্টা পরেই পাটনার শেখপুরায় সুরেন্দ্র কুমার নামে বিজেপি নেতাকে গুলি চালিয়ে খুন করে দুষ্কৃতীরা। পুনপুন এলাকার কিষান মোর্চার প্রাক্তন ব্লক সভাপতি সুরেন্দ্র পেশায় পশু চিকিত্সক ছিলেন। পুলিস সূত্রে খবর, জাতীয় সড়কের ধারে মাঠে কাজ করার সময় দুটি বাইকে চেপে এসে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা। পাটনা এইমসে চিকিত্সা চলাকালীন মৃত্যু হয় সুরেন্দ্রর। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ থাকার কথা উড়িয়ে দিচ্ছে না পুলিস। এর আগে শুক্রবার সন্ধ্যায় পাটনার রামকৃষ্ণনগর এলাকায় বিক্রম ঝা নামে এক দোকানদারকে গুলি করে খুন করে এক দুষ্কৃতী। পাঁচটি ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ