নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রীষ্মের ছুটির পর সোমবার রাজ্যজুড়ে স্কুল খুলল। জেলায় জেলায় এখন তীব্র গরম। এবং জামাইষষ্ঠীর পরের দিন হওয়ায় পড়ুয়াদের হাজিরা এদিন ছিল বেশ কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ভ্যাপসা গরম আগামী বেশ কিছুদিন চলবে। যদিও গরমের জন্য ছুটি আর না বাড়ানোর পক্ষে সওয়াল করছেন শিক্ষকরা। এমনিতেই প্রতিবছর নির্ধারিত সময়ের তিন-চারগুণ ছুটি থাকছে গ্রীষ্মাবকাশে। তাই ফের ছুটি বাড়লে পঠনপাঠনে নেতিবাচক প্রভাব পড়বে বলে শিক্ষকদের মত।
এর পাশাপাশি এদিন বিকাশ ভবনের কাছে চাকরি সুনিশ্চিত করার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান মঞ্চ ছিল প্রায় ফাঁকা। আন্দোলনের নেতাদের দাবি, স্কুল খোলায় সংশ্লিষ্ট শিক্ষকরা কাজে যোগ দিয়েছেন। প্রথম দিন নিজেদের স্কুলে প্রতীকী আন্দোলনে শামিল হন তাঁরা। যদিও মঙ্গলবার থেকে ফের কিছু শিক্ষক অবস্থান মঞ্চে ফিরে আসবেন। আদালতের নির্দেশ মেনে স্কুল এবং অবস্থান মঞ্চে ঘুরিয়ে ফিরিয়ে উপস্থিত থাকবেন। এছাড়াও বহু শিক্ষক চাকরির পরীক্ষায় বসার জন্য বাধ্য হয়ে প্রস্তুতি নিতে শুরু করেছেন। এ বিষয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। ওয়াকিবহাল মহলের আশঙ্কা, যতদিন না বিষয়টির পুরোপুরি মীমাংসা হচ্ছে, অর্থাৎ পরীক্ষা ছাড়াই চাকরি ফিরে পাওয়ার বিষয়টি আদালত নিশ্চিত করছে, ততদিন একটি বড় অংশের শিক্ষকই স্কুলে অনিয়মিত থাকবেন। কারণ তাঁদের একটি অংশ হতোদ্যম হয়ে পড়েছেন। আর একটি অংশ প্রাণপণে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আন্দোলনকারীদের মধ্যে অনেককে পোকা কামড়ানোর ফলে শরীরে বড় ক্ষত তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, পুলিস ও প্রশাসন অবস্থান মঞ্চের পরিচ্ছন্নতা সুনিশ্চিত না করাতেই এরকম বিপত্তি ঘটছে।