Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শনিবাসরীয় প্রচার তুঙ্গে, আসরে আজহারউদ্দিন ও অভিনেত্রী কৌশানি

দোরগোড়ায় নির্বাচন। প্রথম দফার ভোটের আগে শেষ শনিবারে ডোমকল মহকুমাজুড়ে জোরকদমে প্রচার চালাল সব দল।

শনিবাসরীয় প্রচার তুঙ্গে, আসরে  আজহারউদ্দিন ও অভিনেত্রী কৌশানি
  • ১৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: দোরগোড়ায় নির্বাচন। প্রথম দফার ভোটের আগে শেষ শনিবারে ডোমকল মহকুমাজুড়ে জোরকদমে প্রচার চালাল সব দল। ভোটের ময়দানে ঝড় তুলতে একদিকে আনা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে, অন্যদিকে টলিউড তারকাও ছিলেন। সব মিলিয়ে ভোটের আগের শেষ শনিবারে দিনভর প্রচারে সরগরম হয়ে উঠল ডোমকল মহকুমা।

Advertisement

ডোমকল মহকুমার তিনটি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি চর্চায় ছিল রানিনগর। বহুল চর্চিত এই বিধানসভায় শনিবার জুড়ে প্রচার সারেন দুই হেভিওয়েট। একজন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিন, অন্যজন টলিউড নায়িকা কৌশানি মুখোপাধ্যায়। এদিন দুপুরে রানিনগরের কংগ্রেস প্রার্থী জুলফিকার আলির সমর্থনে ইসলামপুরের পমাইপুরে সভা করেন আজাহারউদ্দিন সাহেব। বহরমপুর থেকে গাড়িতে করে পৌঁছে একটি ইটভাটার অস্থায়ী মঞ্চে প্রায় দশ মিনিট বক্তব্য রাখেন আজহার। বক্তৃতায় বিদায়ী বিধায়ক সৌমিক হোসেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন। এরপর হেলিকপ্টার করে তিনি মুর্শিদাবাদ বিধানসভার গুধিয়ায় কংগ্রেস প্রার্থী সিদ্দিক আলির সমর্থনে সভা করেন ও সেখান থেকে পরবর্তী কর্মসূচিতে রওনা দেন।
অন্যদিকে, তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের সমর্থনে প্রচারে ঝড় তুলতে মাঠে নামেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। রানিনগরের একাধিক এলাকায় তিনি রোড শো ও জনসভায় অংশ নেন। সেই তারকাখচিত প্রচারের মাঝেও পায়ে হেঁটে বিধানসভা জুড়ে প্রচার চালিয়ে যান সিপিএম প্রার্থী জামাল হোসেন।
শুধু রানিনগর নয়, ভোটের আগে শেষ শনিবারে ডোমকলেও জোরদার প্রচারে নামেন প্রার্থীরা। তৃণমূল প্রার্থী হুমায়ন কবির রায়পুর, গরিবপুর ও অম্বরপুরে লাগাতার জনসংযোগ সারেন। পাশাপাশি ডোমকল এআরডি হলে যুব তৃণমূল কংগ্রেসের নির্বাচনি সভাতেও অংশ নেন। অন্যদিকে, সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমান রানার সমর্থনে কুঁচিয়ামোড়ায় সভা করেন বাম নেত্রী  ঐশী ঘোষ।
একইভাবে জলঙ্গি বিধানসভাতেও দিনভর প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল প্রার্থী বাবর আলি, সিপিএম প্রার্থী ইয়ানুস আলি সরকার ও কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক। সব মিলিয়ে ভোটের আগে শেষ শনিবারে প্রচারের উত্তাপ চড়ল ডোমকল মহকুমার বিভিন্ন এলাকায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ