Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত সতীশ শাহ প্রয়াত

চারদিন আগে গোবর্ধন আসরানির প্রয়াণে ভেঙে পড়েছিল বলিউড। এর মাঝেই ফের দুঃসংবাদ। আরও এক কৌতুক অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত সতীশ শাহ প্রয়াত
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০

মুম্বই: চারদিন আগে গোবর্ধন আসরানির প্রয়াণে ভেঙে পড়েছিল বলিউড। এর মাঝেই ফের দুঃসংবাদ। আরও এক কৌতুক অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ। বয়স হয়েছিল ৭৪ বছর।ভারতীয় দর্শকের কাছে তিনি পরিচিত ‘সারাভাই’ নামে। তাঁর সাবলীল অভিনয়ে হাসতে বাধ্য হতেন আট থেকে আশি। শনিবার দুপুর আড়াইটে নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতার। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার ও পরিচালক তথা দীর্ঘদিনের বন্ধু অশোক পণ্ডিত। আজ, রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ততক্ষণ হাসপাতালেই রাখা হবে শিল্পীর মরদেহ। 

Advertisement

‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাতি দিয়েছিল তাঁকে। কৌতুক চরিত্রে তাঁর অভিনয় অভিধানের মতো। কমিক টাইমিং থেকে সংলাপের মারপ্যাঁচ শিক্ষণীয়। সে কারণে ইন্দ্রবর্ধন সারাভাই হিসেবে তিনি যে খ্যাতি পেয়েছেন, তা আজীবন থেকে যাবে অনুরাগীদের হৃদয়ে। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও তাঁর অভিনয় মনে রাখবেন দর্শক। ১৯৮৩ সালের ‘জানে ভি দো ইয়ারো’ ছবিতে বিভিন্ন মহলে সমাদৃত। কাজ করেছেন ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘কভি হাঁ কভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’-এর মতো একাধিক ছবিতে। ১৯৯৪ সালে ‘ঘর কি ইজ্জত’ ছবিতে কাজ করেছিলেন আসরানি ও সতীশ। তাঁদের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শনিবার।  
দীর্ঘদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন সতীশ। অস্ত্রোপচারও হয়েছিল। তারপর বাড়িতেই ছিলেন। শনিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এবার আর বাড়ি ফেরা হল না। 

সম্পর্কিত সংবাদ