ইন্দোর: মোদি জমানায় চিকিৎসা আর শিক্ষাখাতে খরচ বেড়েই চলেছে। যা ক্রমশ সাধারণের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এনিয়ে বিরোধীদের নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার। এবার চিকিৎসা ও শিক্ষায় খরচের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতও। রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্বাস্থ্য বা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এদেশে একসময় তা সেবা হিসেবে বিবেচনা করা হত। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। বাণিজ্যিকিকরণের ফলে ক্রমশ সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য।’ তাঁর আক্ষেপ, সুস্বাস্থ্য ও শিক্ষা এখন না সুলভ, না সহজলভ্য। অর্থাৎ সাধারণ মানুষের সামর্থের বাইরে চলে যাচ্ছে। আজকাল অনেকেই সারাজীবনের সঞ্চয় খরচ করতে বাধ্য হন চিকিৎসা বা সন্তানের শিক্ষার জন্য। ভাগবত আরও বলেন, ভালো স্কুল-কলেজ বা হাসপাতালের সংখ্যা বাড়ছে। দুই ক্ষেত্রেই উন্নতি হচ্ছে ভালোমত। কিন্তু খরচ আকাশছোঁয়া। যা সাধারণ মধ্যবিত্তের পক্ষে বহন করা কঠিন। বিষয়টি নিয়ে ভাবনার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন ভাগবত।



