Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রেমিকের হাতে মার, শ্লীলতাহানির শিকার সল্টলেকের এমবিএ ছাত্রী!

বাড়ির ভিতরে প্রেমিকের হাতেই মারধর ও শ্লীলতাহানির শিকার হলেন সল্টলেকের এক এমবিএ ছাত্রী। প্রেমিকের ফোনে অন্য মেয়েদের অশ্লীল চ্যাট দেখে ফেলেছিলেন প্রেমিকা।

প্রেমিকের হাতে মার, শ্লীলতাহানির শিকার সল্টলেকের এমবিএ ছাত্রী!
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়ির ভিতরে প্রেমিকের হাতেই মারধর ও শ্লীলতাহানির শিকার হলেন সল্টলেকের এক এমবিএ ছাত্রী। প্রেমিকের ফোনে অন্য মেয়েদের অশ্লীল চ্যাট দেখে ফেলেছিলেন প্রেমিকা। সেই রাগেই নাকি প্রেমিক তাঁকে মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এ ব্যাপারে ওই ছাত্রী বিধাননগর পূর্ব থানায় প্রেমিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস দ্রুত তরুণীর মেডিক্যাল পরীক্ষা করিয়েছে। আজ, শনিবার বিধাননগর মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হবে। সেই সঙ্গে নোটিস পাঠিয়ে প্রেমিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খবর।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী সল্টলেক সেক্টর ফাইভে একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ করছেন। দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্ত প্রেমিকও তাঁর সহপাঠী। দু’জনের মধ্যে সম্পর্ক ছ’মাসের। ২৬ বছর বয়সি তরুণীর বাড়ি ঝাড়খণ্ডে। বর্তমানে তিনি সল্টলেকের বি জে ব্লকে একটি বাড়িতে ভাড়া থাকেন। প্রেমিক থাকেন কলকাতার গিরিশ পার্ক এলাকায়। অভিযোগ, গত মঙ্গলবার প্রেমিকার বাড়িতে গিয়েছিলেন প্রেমিক। দু’জনের কথাবার্তা চলছিল। তারপর দু’জনেই ফোনে মগ্ন হয়ে পড়েন। প্রেমিকের অনুমতি নিয়ে তাঁর ফোন দেখছিলেন প্রেমিকা। অভিযোগ, তাঁর ফোন ঘাঁটতে গিয়ে তিনি দেখেন, প্রেমিক অন্য মেয়েদের কাছে অশ্লীল বার্তা পাঠিয়েছেন। এমনকী, নগ্ন ছবিও চেয়েছেন।
এ নিয়ে প্রেমিকা প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে প্রেমিক। অভিযোগ, তারপরই আচমকা প্রেমিকার উপর চড়াও হন। একাধিকবার চড় মারেন। চুল ধরে টানার পাশাপাশি গলাও চেপে ধরেন। কদর্য ভাষায় গালাগাল দেন বলেও অভিযোগ। এই ঘটনার পর প্রেমিক চলে যান। বৃহস্পতিবার বিধাননগর পূর্ব থানায় গিয়ে ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, পুলিস সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ওইদিনই বিধাননগর মহকুমা হাসপাতালে তরুণীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ