Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেনে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল রাশিয়া, মৃত ২২

মার্কিন হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! ইউক্রেনের একের পর এক শহরে এয়ারস্ট্রাইক রাশিয়ার। ইউক্রেনের একটি সংশোধনাগার ও চিকিৎসাকেন্দ্রেও আছড়ে পড়ে রুশ ব্যালিস্টিক মিসাইল।

ইউক্রেনে ব্যালিস্টিক মিসাইল  হামলা চালাল রাশিয়া, মৃত ২২
  • ৩০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

কিয়েভ: মার্কিন হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! ইউক্রেনের একের পর এক শহরে এয়ারস্ট্রাইক রাশিয়ার। ইউক্রেনের একটি সংশোধনাগার ও চিকিৎসাকেন্দ্রেও আছড়ে পড়ে রুশ ব্যালিস্টিক মিসাইল। মঙ্গলবারের এই হামলায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এদিকে, সোমবারই নতুন করে রাশিয়াকে শান্তিচুক্তির জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর ২৪ ঘণ্টা কাটার আগেই ইউক্রেনে বড়সড় আঘাত হানলো ক্রেমলিন।  

Advertisement

ইউক্রেন সরকার সূত্রে খবর, এদিন  জাপোরজিয়া প্রদেশের একটি সংশোধনাগারে আছড়ে পড়ে রুশ মিসাইল। এই ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৮০-রও বেশি। দানিপ্রো প্রদেশের একটি আবাসিক বাড়ি ও চিকিৎসাকেন্দ্রে আছড়ে পড়েছে মিসাইল। এই হামলায় মৃত্যু হয়েছে আরও চার জনের। আহত এক অন্তঃসত্ত্বা সহ ৮ জন। ইউক্রেনের অভিযোগ, নাগরিক এলাকাগুলিকে নিশানা করেছে মস্কো। যদিও রাশিয়ার দাবি, কিয়েভের মিসাইল ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট  ভোলোদামির জেলেনস্কি জানিয়েছেন, দেশের ৭৩ এলাকায় এয়ারস্ট্রাইক চালিয়েছে রাশিয়া। এই ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।  রাশিয়ার ৭৪ জায়গায় ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেন। দু’ সপ্তাহ আগে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। সোমবার এব্যাপারে ফের মস্কোর উপর চাপ বাড়ালেন তিনি। এবার সময়সীমা কমিয়ে ১০-১২ দিন করেছেন মার্কিন প্রেসিডেন্ট।  তা  না মানলে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। যদিও এই হুঁশিয়ারিকে গুরুত্বই দিলেন না প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদভ। সোস্যাল মিডিয়ায় তাঁর বার্তা, ‘রাশিয়া ইজরায়েল বা ইরান নয়। প্রতিটা আল্টিমেটাম নতুন যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইউক্রেনের সঙ্গে নয়। মার্কিন প্রেসিডেন্টের নিজের দেশের সঙ্গে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ