Bartaman Logo
১০ জুন, ২০২৬

আরএসএস ‘ভারতীয় তালিবান’, কটাক্ষ কর্ণাটকের কংগ্রেস নেতার, পাল্টা তোপ বিজেপির

আরএসএসকে ‘ভারতীয় তালিবান’ বলে কটাক্ষ। এর জেরে বিজেপির তীব্র আক্রমণের মুখে পড়লেন কর্ণাটকের কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ।

আরএসএস ‘ভারতীয় তালিবান’,  কটাক্ষ কর্ণাটকের কংগ্রেস নেতার, পাল্টা তোপ বিজেপির
  • ১৭ আগস্ট, ২০২৫ ১২:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরএসএসকে ‘ভারতীয় তালিবান’ বলে কটাক্ষ। এর জেরে বিজেপির তীব্র আক্রমণের মুখে পড়লেন কর্ণাটকের কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ। তাঁর সমালোচনা করতে গিয়ে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয়তাবাদী সংগঠনগুলিকে অপমান করে পিএফআই এবং সিমির মতো নিষিদ্ধ সংগঠনগুলির সমাদর করাই কংগ্রেসের রীতিতে পরিণত হয়েছে। উল্লেখ্য, শুক্রবার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএসের ভূয়সী প্রশংসা করেন। এরপরেই প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হন প্রাক্তন সাংসদ তথা বিধায়ক হরিপ্রসাদ। 

Advertisement

শনিবার হরিপ্রসাদ বলেন, ‘দেশের শান্তিভঙ্গের চেষ্টা করছে আরএসএস। আমি আরএসএসের সঙ্গে শুধু তালিবানের মিল খুঁজে পাই। তারা ভারতীয় তালিবান। আর প্রধানমন্ত্রী কি না লালকেল্লা থেকে আরএসএসের প্রশংসা করলেন!’ তাঁর পাল্টা প্রশ্ন, ‘সঙ্ঘ পরিবারের কেউ কি স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন? আরএসএস কোনও নথিভুক্ত সংস্থা নয়, এটা লজ্জার। আমরা জানি না, তারা কোথা থেকে অর্থ পায়। অর্থ সংগ্রহ করতে গেলে দেশের যে কোনও এনজিও-র নথিভুক্ত হওয়া একান্ত প্রয়োজন।’ তিনি আরও বলেন, ইতিহাস বিকৃত করতে বিজেপি এবং আরএসএসের জুড়ি মেলা ভার। তারা ইতিহাস নতুন করে লিখতে চায়। বেঙ্গল প্রদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ফজলুল হক এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম বাংলাভাগের দাবি তোলেন। আর এসবের জন্য তারা কংগ্রেসকে দায়ী করে। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, অপারেশন সিন্দুরে অংশগ্রহণকারী ভারতীয় সেনার মধ্যে ‘দুষ্কৃতী’ ও আরএসএসের মধ্যে ‘তালিবান’ খুঁজে পায় কংগ্রেস। আর পাকিস্তানকে নিজেদের আপন মনে করে। তাঁর কথায়, ‘আসলে কংগ্রেসের মানসিকতাতেই তালিবান লুকিয়ে রয়েছে। মহাত্মা গান্ধী এবং জয়প্রকাশ নারায়ণ কেন আরএসএসের প্রশংসা করেছিলেন?’ সেই নিয়ে কংগ্রেসের মতামত জানতে চেয়েছেন পুনাওয়ালা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ