মুম্বই, ১ নভেম্বর: মাত্র ৪৫ বছর বয়সেই টেনিসকে বিদায় জানালেন ভারতের অন্যতম সেরা প্লেয়ার রোহন বোপান্না। পরিসমাপ্তি হল ২০ বছরের উজ্বল কেরিয়ারের। আজ, শনিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে অবসরের কথা ঘোষণা করেন গ্র্যান্ড স্ল্যামজয়ী এই খেলোয়াড়। লিখেছেন, যা আমাকে জীবনের মানে বুঝিয়েছিল তাকে কীভাবে বিদায় জানাব! ২০ বছরের অবিস্মরণীয় যাত্রা শেষে এবার র্যাকেটকে বিদায় জনানোর সময় এসে গিয়েছে। প্রতিবার কোর্টে নামার সময় টেনিস আমায় অধ্যবসায়, ধৈর্য শিখিয়েছে। এই খেলাই আমায় লড়াই শিখিয়েছে। সবথেকে বড় ব্যাপার টেনিস শিখিয়েছে আমি আসলে কে। অনুরাগীদের পাশাপাশি পরিবার-আত্মীয় পরিজনদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।



