নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবিশ্বাস্য বৃষ্টিপাত এবং শহরজুড়ে চরম ভোগান্তি ও জল জমার কঠিন দিনেও ইতিহাস রচনা করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। আরও নির্দিষ্টভাবে বললে রাজ্যের এক নম্বর সরকারি হাসপাতাল পিজি। মঙ্গলবার তুমুল দুর্যোগের মধ্যেই রাজ্য তথা পূর্ব ভারতের সরকারি ক্ষেত্রের প্রথম এবং দ্বিতীয় রোবটিক সার্জারি হল এখানে।
প্রথমটি ছিল গলব্লাডার অপারেশন। করেন সার্জারি বিভাগের চিকিৎসকরা। দ্বিতীয়টি সম্পূর্ণ জরায়ু বাদ বা টোটাল রোবটিক হিস্টেরেকটমি। করেছেন গাইনি বিভাগের চিকিৎসকরা। দুটি অপারেশনই সফল হয়েছে। এদিকে আজ বুধবার ইউরোলজি বিভাগের নেতৃত্বেও হওয়ার কথা আরও একটি রোবটিক সার্জারি।
পিজি সূত্রের খবর, মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা এক মাঝবয়সি মহিলা প্রবল পেটব্যথা নিয়ে পিজিতে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাঁর গলব্লাডারে বেশ বড়ো সাইজের স্টোন রয়েছে। গলব্লাডারের প্রাচীরটি মোটা হওয়ায় অপারেশনের ঝুঁকিও কিছুটা বেড়ে যায়। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ সার্জারির অধ্যাপক ডাঃ দীপ্তেন্দ্র সরকার এবং সহকারী অধ্যাপক ডাঃ সিরাজ আহমেদ অস্ত্রোপচার শুরু করেন। চারটি ছোটো ছোটো ফুটো (তিনটি রোবটিক এবং ১টি ম্যানুয়াল) করে সেখান দিয়ে রোবটিক আর্ম প্রবেশ করে পেটে। একটি দিয়ে ভিতরে পাঠানো হয় ক্যামেরা। ৩৫ মিনিটের অস্ত্রোপচার শেষে বেরিয়ে আসে ৩.২ সেমি সাইজের পাথরটি।
চিকিৎসক মহল সূত্রের খবর, স্টোনটি কোলেস্টেরল স্টোন এবং প্রি ক্যান্সারাস। রোগিণী ভালো আছেন। আগামীকাল ছুটি দেওয়া হবে। অন্যদিকে পেটে একটি বড়ো ইউটেরাইন মাস বা মাংসবিশেষ থাকায় রোবটিক সার্জারির মাধ্যমে জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচার হয় এরপর। গাইনির সিনিয়র চিকিৎসকরা সেই অপারেশন করেন। প্রসঙ্গত, আগস্টের শেষদিক নাগাদ সাড়ে ৬ কোটি টাকার দামে আধুনিক রোবটের যন্ত্রাংশগুলি ধাপে ধাপে চলে আসে পিজিতে। বসে নতুন আউটডোর বাড়ির পাঁচতলার রোবটিক সার্জারি অপারেশন থিয়েটারে। বিশেষজ্ঞরা তখন জানিয়েছিলেন রোবটের দাম, রোবটিক সার্জারির অপারেশন থিয়েটারসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং পূর্তদপ্তরের সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগের খরচ ধরলে এই বাবদ মোট খরচ ৮ কোটি টাকা পার হয়ে যাবে। তবে রোবটটি যা আধুনিক, তাতে দামের খরচ ঠিক পুষিয়েও যাবে। রোগীর হাসপাতাল বাস কমবে। রক্তপাত কমবে। সুস্থ হয়ে বাড়িও যাবে তাড়াতাড়ি। এইসব দাবিগুলি আদৌ কতটা সঠিক, তাও বোঝা যাবে এখন।