Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্যাসের পাইপ লাইন পাতার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা, ভোগান্তিতে স্থানীয়রা

রান্নার গ্যাসের পাইপ লাইন পাতার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত না হওয়ায় চরম ভোগান্তি হচ্ছে বাঁকুড়া শহরের বাসিন্দাদের। বারবার বলা সত্ত্বেও পাইপ লাইন পাতার কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার সংস্থার লোকজন পুরসভার কথা শুনছে না বলে অভিযোগ।

গ্যাসের পাইপ লাইন পাতার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা, ভোগান্তিতে স্থানীয়রা
  • ১৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রঞ্জুগোপাল মুখোপাধ্যায়, বাঁকুড়া: রান্নার গ্যাসের পাইপ লাইন পাতার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত না হওয়ায় চরম ভোগান্তি হচ্ছে বাঁকুড়া শহরের বাসিন্দাদের। বারবার বলা সত্ত্বেও পাইপ লাইন পাতার কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার সংস্থার লোকজন পুরসভার কথা শুনছে না বলে অভিযোগ। ফলে নাগরিক স্বার্থে বিষয়টি নিয়ে বাঁকুড়া সদর মহকুমা প্রশাসনের দ্বারস্থও হয়েছিল পুর কর্তৃপক্ষ। তবে পরিস্থিতির পরিবর্তন হয়নি। বর্ষায় পুর এলাকার রাস্তাগুলি এমনিতেই বেহাল হয়ে পড়েছে। তারউপর রাস্তা কেটে দেওয়ার পর মেরামত না করার ফলে পথচারী ও যানবাহনের চালকরা সমস্যায় পড়ছেন।

Advertisement

বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার বলেন, কেন্দ্রীয় বঞ্চনার কারণে এমনিতেই অর্থ বরাদ্দ কমে গিয়েছে। তারউপর একটি রাস্টায়ত্ত্ব সংস্থার গ্যাসের পাইপ লাইন পাততে গিয়ে শহরের রাস্তাঘাট তছনছ করা হচ্ছে। ঠিকাদার সংস্থাকে বারবার বলা সত্ত্বেও খোঁড়াখুঁড়িতে লাগাম টানা যাচ্ছে না। তারফলে বাসিন্দাদের যাতায়াতে সমস্যা হচ্ছে। অবিলম্বে যাতে বেহাল রাস্তা মেরামত ও আমাদের সঙ্গে আলোচনা না করে নতুন রাস্তা কাটা না হয়, তারজন্য আমরা বলেছি। বিষয়টি নিয়ে ভার্চুয়াল বৈঠকে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়ে প্রশাসনকে হস্তক্ষেপ করারও অনুরোধ করেছি। 

সদর মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, আমরা এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  গ্যাস প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত এক কর্মী বলেন, রাস্তা খোঁড়ার আগে পুরসভা বা স্থানীয় কাউন্সিলারকে জানানো হয়। সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিপূরণও দেওয়া হয়। সাধারণ মানুষের সুবিধার জন্যই প্রকল্প রূপায়িত হচ্ছে। এরফলে গৃহস্থ অনেক সস্তায় গ্যাস পাবে। আমরা বর্ষার মরশুমে রাস্তা খোঁড়ার কাজ তুলনায় কম করি। বাঁকুড়া শহরের বাসিন্দা কমল ভট্টাচার্য, বিকাশ মালাকার বলেন, রাস্তা খুঁড়ে পাইপ পাতার পরেও তা সারাই করা হচ্ছে না। তারফলে যাতায়াতে সমস্যা হচ্ছে। পুরসভা ও প্রশাসনকে সমস্যার সমাধান করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ