নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২৬ কিলোমিটার রাস্তার সাড়ে ২২ কিলোমিটার মেরামত হয়ে গিয়েছে। বাকি সাড়ে তিন কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েও কাজ হয়নি। কারণ সরকার থেকে আর্থিক অনুমোদন আসেনি। ফলে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় বাসন্তী- হেরোভাঙা ঝড়খালি পর্যটন রোড। তার প্রতিবাদে শুক্রবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কলকাতা থেকে পর্যটকরা এখান দিয়েই সুন্দরবন বেড়াতে যাওয়ার জন্য ঝড়খালি জেটিঘাটে যান। এছাড়াও ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে যাওয়ারও এটি একমাত্র পথ। অবরোধের ফলে ছুটির দিনে সমস্যায় পড়তে হয় পর্যটকদের। গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ ওঠে।
জানা গিয়েছে, বাসন্তী চৌমাথা থেকে ঝড়খালি জেটিঘাট পর্যন্ত ২৬ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য অনেক আগেই টেন্ডার হয়েছিল। চৌমাথা থেকে ঝড়খালি হেরোভাঙা হাই স্কুল পর্যন্ত কাজ শেষও হয়েছে। কিন্তু অর্থের অভাবে বাকিটা আর তখন করা সম্ভব হয়নি। পরে অবশিষ্ট রাস্তা তৈরির জন্য রাজ্যের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু মৌখিক অনুমোদন দেওয়া হলেও টাকা ছাড়া হয়নি বলে অভিযোগ। ফলে দীর্ঘদিন থমকে আছে ওই কাজ। এদিকে, যাতায়াতে সমস্যা হচ্ছে এলাকাবাসীর। বারেবারে প্রশাসনকে জানিয়েছেন বলে তাঁরা দাবি করেছেন। কিন্তু সুরাহা হয়নি। তাই এদিন বাধ্য হয়েই পথ অবরোধ করেন ক্ষুব্ধ মানুষ। এই নিয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জানানো হয়েছে। আশা করছি দ্রুত কাজ শুরু করা যাবে। নিজস্ব চিত্র