নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গা, ভাগীরথী এবং হুগলি নদীতে ভাঙন বহু মানুষের জমি-বাড়ি থেকে শুরু করে সারা জীবনের সঞ্চয় গ্রাস করেছে। একথা একাধিকবার কেন্দ্রকে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। কিন্তু একটি টাকাও দেয়নি কেন্দ্র। এবার পাটনায় জাতীয় জলপথ-১ নিয়ে আলোচনা সভায় এই ইস্যুতে সরব হলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন তিনি যোগ দিয়েছিলেন এই সভায়। যেখানে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল এবং বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের সামনেই মানস বলেন, কেন্দ্রের উদাসীনতার কারণে বাংলার মানুষের দুর্গতি বাড়ছে। সেখানে উপস্থিত ছিলেন বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের মন্ত্রী, আমলারাও। এছাড়াও মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের মাধ্যমে ৪ লক্ষ ১২ হাজার জলাশয় সৃস্টির কৃতিত্বের কথাও তুলে ধরেন তিনি। সর্বানন্দ বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন।



