Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩১তম বার এভারেস্ট জয় কামি রিটা শেরপার, নেতৃত্ব দিলেন ভারতীয় সেনার অভিযাত্রী দলকে

এবারের মতো এভারেস্ট অভিযানের মরশুম শেষ হচ্ছে আজ, বুধবার। প্রতি বারের মতো এবারও এপ্রিলের গোড়া থেকে শুরু হয়েছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ অভিযানের মরশুম।

৩১তম বার এভারেস্ট জয় কামি রিটা শেরপার,  নেতৃত্ব দিলেন ভারতীয় সেনার অভিযাত্রী দলকে
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের মতো এভারেস্ট অভিযানের মরশুম শেষ হচ্ছে আজ, বুধবার। প্রতি বারের মতো এবারও এপ্রিলের গোড়া থেকে শুরু হয়েছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ অভিযানের মরশুম। অভিজ্ঞ শেরপারা চলতি মাসের ৯ তারিখ নাগাদ ‘সামিট পয়েন্ট’ পর্যন্ত ‘রোপ ফিক্সিং’-এর জরুরি কাজটি শেষ করেন। তারপর থেকে শুধু নেপাল বা ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশের অভিযাত্রীরা এভারেস্ট জয় করেছেন। এবার সার্বিকভাবে ভারতের অভিযাত্রীদের সাফল্য ছিল নজরকাড়া। মরশুম শেষ হওয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবারও সেই সাফল্যের ধারা অব্যাহত থাকল। এদিন আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের ইন্ডিয়ার আর্মি সিলভার জুবিলি এভারেস্ট এক্সপিডিশন টিমের ২২ জন সদস্য এভারেস্ট জয় করেছেন। সেই সঙ্গে তাঁরা আরও একটি ইতিহাসের সাক্ষী থাকার সুযোগ পেয়েছেন। এই এভারেস্টজয়ীদের ‘গাইড’ করে যিনি সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গিয়েছেন, তিনি প্রবাদপ্রতিম পর্বতারোহী কামি রিটা শেরপা। এনিয়ে তিনি ৩১ বার এভারেস্ট শৃঙ্গে উঠলেন। বিশ্বে আর কারও এই রেকর্ড নেই। কামি রিটা শেরপার অদম্য জেদ ও অধ্যাবসায়কে কুর্নিশ জানিয়েছেন গোটা বিশ্বের পর্বত অভিযাত্রী মহল।   

Advertisement

এদিকে, মঙ্গলবারই এভারেস্ট জয় করে নতুন এক রেকর্ড করেছেন জার্মান অভিযাত্রী আনজা ব্লাচা। তাঁর বিশেষ কৃতিত্ব হল, বিশ্বের আটহাজারি (৮ হাজার মিটারের বেশি উচ্চ) ১৪টি শৃঙ্গের মধ্যে ১২টিই তিনি জয় করেছেন কোনও বাড়তি অক্সিজেন ছাড়া। এভারেস্ট জয় তাঁর শেষতম সাফল্য। সংশ্লিষ্ট এজেন্সির তরফে জানানো হয়েছে, ৩৫ বছরের এই মহিলা অভিযাত্রী এর আগে ২০১৭ সালে তিব্বতের দিক দিয়ে এবং ২০২১ সালে নেপালের দিক দিয়ে এভারেস্ট শৃঙ্গে পৌঁছেছেন। কিন্তু দু’বারই তাঁকে অতিরিক্ত অক্সিজেন সাপোর্ট নিতে হয়েছিল। এবার তা প্রয়োজন হয়নি।  

Advertisement
সম্পর্কিত সংবাদ