নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনের আর্জি জানিয়েছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে। মঙ্গলবার শিয়ালদহ আদালতে এনিয়ে শুনানি ছিল। অভিযুক্ত পক্ষের এক আইনজীবী মহম্মদ সাজিদ এ নিয়ে আপত্তি জানিয়ে দীর্ঘ সওয়াল করেন। অন্যদিকে, ওই ঘটনাস্থল পরিদর্শনের বিষয়ে এদিন রাজ্য সরকারের পক্ষ থেকেও আপত্তি জানানো হয়। যদিও সিবিআইয়ের পক্ষ থেকে এনিয়ে কোনও আপত্তি জানানো হয়নি। উভয় পক্ষের বক্তব্যই শুনেছেন বিচারক। এ নিয়ে আজ, বুধবার বিকেলে রায় ঘোষণা হবে বলে আদালত সূত্রের খবর। এদিন আদালতে হাজির ছিলেন নির্যাতিতার বাবা-মা। সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শনের আবেদন জানানো হয়েছিল নির্যাতিতার পরিবারের তরফে হাইকোর্টে। তার পরিপেক্ষিতে উচ্চ আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছিল শিয়ালদহ (নিম্ন) আদালতকে।



