নিজস্ব প্রতিনিধি কলকাতা: আর জি করের নির্যাতিতার পরিবার ঘটনাস্থল দেখতে চাইলে তাদের কোনও আপত্তি নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল সিবিআই। তদন্তকারী সংস্থার এহেন বক্তব্য শোনার পরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৃতার পরিবারকে ওই মর্মে লিখিত আবেদন করতে বলেছেন। এর আগে আর জি করের ঘটনাস্থল দেখতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সোমবার তাঁদের আইনজীবী ফিরোজ এডুলজি বিষয়টি নিয়ে বিচারপতি ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। মামলা দায়ের করার অনুমতি মেলায় নির্যাতিতার বাবা-মা আদালতে আবেদন করে জানান, তাঁদের আর জি কর হাসপাতালের ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তাঁদের মেয়ের উপর যে নির্যাতন হয়েছে, তার প্রেক্ষিতে একবার ঘটনাস্থলটি সরেজমিনে দেখতে চান বলে জানান তাঁরা। তারই প্রেক্ষিতে এদিন তাঁদের লিখিত আবেদন করতে বলেছে কলকাতা হাইকোর্ট।



