নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক স্তরে যোগ দেওয়া শিক্ষকদের জন্য ছ’মাসের ডিগ্রি কোর্স চালু হচ্ছে শিগগিরই। বৃহস্পতিবারই শিক্ষাদপ্তর শীর্ষ আধিকারিক, ডিআই এবং ডিপিএসসি চেয়ারম্যানদেন নির্দেশ দিয়েছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া জন্য। জাতীয় মুক্ত বিদ্যালয় সংস্থা (এনআইওএস) এই কোর্স করাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, ২০২৩ সালের আগে কাজে যোগ দেওয়া শিক্ষকদেরই এই সুবিধা দেওয়া হবে। সেই হিসেবে ২০২১-২২ সালে রাজ্যে শিক্ষকতায় যোগ দেওয়া প্রায় সাত হাজার শিক্ষক এই তালিকায় পড়বেন।
এনআইওএসের মুখপাত্র অবিনাশ ত্রিপাঠী জানান, জুলাই বা আগস্ট থেকেই রেজিস্ট্রেশন শুরুর পরিকল্পনা রয়েছে তাঁদের। কোর্স কারিক্যুলাম ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষক শিক্ষণ নিয়ামক সংস্থা এনসিটিই দিয়েছে এনআইওএসকে। সেই অনুযায়ী বই তৈরির কাজও শুরু হয়েছে। ১০ সপ্তাহের এই কোর্স হবে ক্রেডিট ভিত্তিক, একেবারে জাতীয় শিক্ষানীতি মেনে। নির্দিষ্ট ক্রেডিট অর্জন করলেই মিলবে শংসাপত্র। প্রতি রবিবার ছ’ঘণ্টার ক্লাস হবে ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং (ওডিএল) পদ্ধতিতে। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং (ডায়েট)-এ এই কোর্স হবে নাকি এনআইওএসের স্টাডি সেন্টারে তা চালানো হবে, তা অবশ্য এখনই ঠিক হয়নি।
আদালতের নির্দেশে এই কোর্সে উত্তীর্ণ হওয়ার জন্য একবারই সুযোগ পাবেন শিক্ষকরা। অসফল হলে চাকরি পর্যন্ত হারাতে হতে পারে তাঁদের। সে কারণেই এই কোর্সটি গুরুত্বপূর্ণ। কোর্সের অংশ হিসেবে সশরীরে স্কুলে গিয়ে ক্লাসও নিতে হবে শিক্ষকদের। তা সরেজমিনে দেখবেন এনআইওএস এবং এনসিটিই-র প্রতিনিধিরা। পূর্ণাঙ্গ গাইডলাইন অবশ্য এখনও প্রকাশ করা হয়নি। তা তৈরি করে দ্রুতই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে এনআইওএস সূত্রে খবর।